ছেলেকে বাঁচাতে গিয়ে বাবাই জেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে হত্যা মামলা থেকে ছেলেকে বাঁচাতে জাল চিকিৎসা সনদ তৈরির অভিযোগ প্রমাণিত হওয়ায় মো. মান্নান ড্রাইভার নামের এক ব্যক্তিকে গত বুধবার কারাগারে পাঠিয়েছেন আদালত। তথ্য কমিশনের দেওয়া প্রথম রায়ের ভিত্তিতে দায়ের করা মামলায় তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। আদালত সূত্র জানায়, ২০০৯ সালের ২৫ নভেম্বর সন্ত্রাসীরা নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকার বাসিন্দা শেখ আবু আহামঞ্চদকে খুন করে। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় একটি হত্যা মামলা করেন তাঁর বড় ভাই শেখ আলী আহমঞ্চদ। মামলার প্রধান আসামি করা হয় মান্নান ড্রাইভারের ছেলে মো. মামুনকে। পরে মামলাটি তদন্তের স্বার্থে জেলা গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।মামলার বাদী শেখ আলী আহামঞ্চদ জানান, জমিসংক্রান্ত শত্রুতার কারণে ছেলে মামুনকে ওই হত্যা মামলায় জড়ানো হয়েছে দাবি তুলে মামলার প্রধান আসামি মামুনের বাবা আবদুল মান্নান ২০১০ সালের ২৫ নভেম্বর জেলা গোয়েন্দা পুলিশের তদন্ত কর্মকর্তা মাঈনুর রহমানের কাছে একটি চিকিৎসা সনদ দাখিল করেন। ওই সনদে উল্লেখ করা হয়, হত্যাকাণ্ডের ঘটনার সময় মামুন আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিলেন। পরে গোয়েন্দা পুলিশ আসামি মামুনকে বাদ দিয়েই অভিযোগপত্র দাখিল করে। বাদী আলী আহমঞ্চদ আরও জানান, বিষয়টি তাঁর সন্দেহ হয়। পরে তিনি খোঁজখবর নিয়ে জানতে পারেন দাখিল করা চিকিৎসা সনদটি জাল। তবে এ ব্যাপারে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তথ্য চাইলেও তাঁকে তা দেওয়া হয়নি। পরে তিনি তথ্য অধিকার আইনে তথ্য কমিশনে অভিযোগ করেন। ওই অভিযোগের শুনানিতে প্রমাণিত হয়, জেলা গোয়েন্দা পুলিশের কাছে দাখিল করা চিকিৎসা সনদটি জাল। তথ্য দিয়ে সহায়তা না করার দায়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক গোলাম মোস্তফাকে তথ্য কমিশন এক হাজার টাকা জরিমানা করেন। তদন্তে সত্য উন্মোচিত হওয়ার পর মামুনকে আসামি করে আবার আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। পরে তিনি হত্যা মামলা থেকে মামুনকে বাঁচানোর অপচেষ্টার অভিযোগে তাঁর বাবা মান্নানের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা করেন। ওই মামলায় বুধবার দুপুরে নারায়ণগঞ্জ মুখ্য বিচারিক হাকিম জাবিদ হোসেনের আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন মান্নান। আদালত তথ্য কমিশনের দেওয়া প্রথম রায়ে সরকারি হাসপাতালের জাল চিকিৎসা সনদ তৈরির অভিযোগ প্রমাণিত হওয়ায় মান্নানকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মো. আশরাফুজ্জামান বলেন, হাসপাতালে ভর্তি না হয়েও জাল চিকিৎসা সনদ তৈরিসংক্রান্ত প্রতারণার মামলায় মান্নান আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। পরে শুনানি শেষে আদালত তাঁকে কারাগারে পাঠিয়ে দেন।