ছেলেকে বাঁচাতে গিয়ে বাবার মৃত্যু
ফেনীতে ছেলেকে বাঁচাতে গিয়ে ট্রেনের চাকায় কাটা পড়ে নারায়ণ নাথ (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শনিবার ঢাকা-চট্টগ্রাম রেলপথের ফেনীর সহদেবপুর এলাকায় এ ঘটনা ঘটে।
রেলওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল দুপুরের দিকে নারায়ণ নাথ তাঁর ছেলেসহ (৫) সহদেবপুর রেল ক্রসিং পার হচ্ছিলেন। একপর্যায়ে ছেলে তাঁর হাত থেকে ছুটে রেললাইনের ওপর দিয়ে হাঁটতে শুরু করে। এ সময় ফেনী স্টেশন থেকে একটি পণ্যবাহী ট্রেন চট্টগ্রামের দিকে যাচ্ছিল। নারায়ণ তাঁর ছেলেকে বাঁচাতে ছুটে যান। তিনি ছেলেকে ধাক্কা দিয়ে রেললাইনের বাইরে ফেলে দেন। কিন্তু ট্রেনের চাকায় কাটা পড়ে নারায়ণ ঘটনাস্থলেই মারা যান। রেলওয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
নারায়ণের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। তিনি ফেনীতে বাতিল লোহার (স্ক্র্যাপ) ব্যবসা করতেন। নারায়ণ পরিবার নিয়ে শহরের উত্তর সহদেবপুর এলাকার ভাড়া বাসায় থাকতেন।
রেলওয়ে পুলিশের ফেনী ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মেজবাউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় লাকসাম জিআরপি থানায় অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।