ছেলেকে বাঁচাতে প্রাণ গেল বাবার
হামলাকারীরা ছেলে জব্বার মোল্লাকে (২৫) রামদা দিয়ে কোপাতে উদ্যত হয়। ছেলেকে বাঁচাতে এগিয়ে আসেন বাবা ওহাব মোল্লা (৫০)। হামলাকারীরা বাবাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। তারপর তাঁকে কুপিয়ে হত্যা করে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে ফরিদপুরের সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের ছোট বাহিরদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।ঘটনার প্রত্যক্ষদর্শী সাইফুল ইসলাম, রাজ্জাক মোল্লা, নূরুল ইসলাম, বাদশা মোল্লা বলেন, সকাল আটটার দিকে ওহাব মোল্লা বাড়ির পাশের জমিতে কাজ করছিলেন। এ সময় বাড়িতে চিৎকার-চেঁচামেচির খবর শুনে তিনি দ্রুত বাড়ি যান। গিয়ে দেখতে পান, হামলাকারীরা তাঁর (ওহাব) ছেলে জব্বারকে রামদা দিয়ে কোপাতে উদ্যত হয়। এ সময় ওহাব তাদের বাধা দিলে তাঁকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেওয়া হয়। তখন অপর হামলাকারী ওহাবের মুখমণ্ডলে রামদা দিয়ে কোপ দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় জব্বারও আহত হন। তাঁকে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।ঘটনার সত্যতা নিশ্চিত করে রামকান্তপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলতাফ মোল্লার ছেলে পিকুল মোল্লা বলেন, জমিজমা ও গত রমজান মাসে ইফতারি নিয়ে বিরোধের কারণে ওহাবের সঙ্গে ইব্রাহিম মাতব্বরের বিরোধ চলে আসছিল। তার জের ধরে এ হামলা ও হত্যার ঘটনা ঘটেছে। ইব্রাহিম মাতব্বরের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে তাঁর সমর্থক ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আশরাফুজ্জামান দাবি করেন, হামলার সময় ইব্রাহিম ঘটনাস্থলে ছিলেন না।সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফসারউদ্দীন বলেন, ওহাবের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।