ছেলেকে বাঁচাতে শিক্ষক বাবার আকুতি

১৭ বছর বয়সী তালহা আরেফিন ওরফে চয়নের এ বছর এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল। কিন্তু বিধি বাম। পরীক্ষা কেন্দ্রের বদলে তার জায়গা হয়েছে ভারতের মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালে। সে লিউকোমিয়া রোগে আক্রান্ত।
চয়নের বাবা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক শেখ শামসুল আরেফিন। এক ছেলে ও এক মেয়ে নিয়ে তাঁর সংসার। সবকিছু ভালোই চলছিল। কিন্তু গত ১২ জানুয়ারি চয়নের লিউকোমিয়া ধরা পড়ে। চিকিৎসার জন্য ১৮ জানুয়ারি তাকে নিয়ে যাওয়া হয় মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালে। সেখানে পরদিন ১৯ জানুয়ারি থেকে তাঁর চিকিৎসা শুরু হয়।
ছেলের অসুস্থতার বিষয়ে বাবা অধ্যাপক শেখ শামসুল আরেফিন বলেন, ‘লিউকোমিয়া ধরা পড়ার পর থেকে চয়নের চিকিৎসা চলছে। তাঁরা জানতে পেরেছেন এই রোগ পুরোপুরি নিরাময়যোগ্য। তবে পরিপূর্ণ সুস্থতার জন্য চয়নের অস্থিমজ্জা প্রতিস্থাপন করতে হবে। অস্থিমজ্জা নেওয়া হতে পারে তাঁর সাত বছর বয়সী ছোট বোনের কাছ থেকে। এই চিকিৎসার জন্য প্রায় ৩০ লাখ টাকার প্রয়োজন।’
অস্থিমজ্জা প্রতিস্থাপন এবং পরবর্তী ধাপসহ প্রায় এক বছর তাঁকে হাসপাতালে চিকিৎসা নিতে হতে পারে বলেও জানান তিনি।
এদিকে চয়নের অসুস্থতার খবর জানতে পেরে তাঁর পরিবারের পাশে দাঁড়িয়েছেন সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ। পরে তাঁর সঙ্গে যুক্ত হয়েছে ব্যান্ড দল ফিডব্যাক, বাউলা এবং গায়ক সুজন আরিফ। সবাই মিলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ২৭ মার্চ একটি কনসার্ট করেন। কনসার্ট থেকে আশানুরূপ সহায়তা না পেলেও এখন পর্যন্ত চার-পাঁচ লাখ টাকা সংগৃহীত হয়েছে বলে জানিয়েছেন চয়নের বাবা শামসুল আরেফিন।
অসুস্থ ছেলের জন্য বাবা শামসুল আরেফিন সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষের কাছে সহযোগিতা প্রত্যাশা করেছেন। চয়নকে আর্থিক সহায়তা পাঠানোর ঠিকানা- শেখ শামসুল আরেফিন, ডাচ্–বাংলা ব্যাংক, রাজশাহী শাখা, হিসাব নম্বর ১৩৫.১০১.৬৪৪৩। মুঠোফোনে যোগাযোগ নম্বর: ০১৭৪৭৩০৯৯০৯।