ছেলেকে বিদেশে পাঠিয়ে লাশ হয়ে ফিরলেন বাবা
বিদেশে পাঠাতে ছেলেকে বিমানবন্দরে পৌঁছে দিয়ে বাড়ি ফিরতে মাইক্রোবাসে রওনা হন বাবা আবদুর রউফ মাতব্বর(৪৮)। বাড়িতে তিনি ফিরলেন ঠিকই, তবে লাশ হয়ে। ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হন।
গতকাল সোমবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জের ঘিওর উপজেলায় তাঁকে বহনকারী মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে আবদুর রউফ মাতব্বর মারা যান। রউফের বাড়ি ফরিদপুরের বোয়ালমারী উপজেলায়। এ ঘটনায় মাইক্রোবাসে থাকা আরও তিনজন আহত হন। তারা হলো রউফের ছোট ছেলে হাসিবুল হাসান, ভাই আফজাল হোসেন ও ভাতিজা সোহেল রানা। তাদের মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও নিহত ব্যক্তির পরিবার সূত্রে জানা গেছে, বড় ছেলে সুমন মাতব্বরকে কুয়েতে পাঠানোর জন্য একটি মাইক্রোবাস ভাড়া করে গত রোববার রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান রউফ। গতকাল সকাল সাড়ে ছয়টার দিকে ফেরার পথে মাইক্রোবাসটি ঢাকা-আরিচা মহাসড়কের মহাদেবপুর এলাকায় একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে মাইক্রোবাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। মাইক্রোবাসের চালকের পাশে বসা রউফ ও পেছনে বসা অন্য লোকজন গুরুতর আহত হয়। খবর পেয়ে বরঙ্গাইল হাইওয়ে ফাঁড়ির পুলিশ তাদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রউফকে মৃত ঘোষণা করেন।
ট্রাকচাপায় নারী নিহত: আমাদের গাজীপুর প্রতিনিধি জানান, জেলার কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার এলাকায় গতকাল সকালে ট্রাকচাপায় অনিতা রানী (২৪) নামের এক গৃহবধূ নিহত হন। তিনি কালিয়াকৈরের চাপাইর এলাকার নিবাস চন্দ্র দাসের স্ত্রী।
পুলিশ জানায়, সকাল সাড়ে সাতটায় সফিপুর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হচ্ছিলেন অনিতা। এ সময় দ্রুতগতির একটি ট্রাক তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তিনি নিহত হন।