ছেলেকে বিষ খাইয়ে আত্মহত্যার চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাত একটার দিকে একমাত্র শিশুপুত্রকে বিষ খাইয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এক গৃহবধূ। গত মঙ্গলবার সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের বন্যাতলা গ্রামে এ ঘটনা ঘটে। গৃহবধূর পরিবার সূত্রে এ কথা জানা গেছে। জানা যায়, মঙ্গলবার রাতে মেরিনা বেগম নামের ওই গৃহবধূ তাঁর ছয় বছর বয়সী একমাত্র ছেলে ইমন হোসেনকে ঘুম থেকে ডেকে তোলেন। তাকে ওষুধ খাওয়ানোর কথা বলে বোতলের ছিপিতে করে বিষ খাইয়ে দেন। এরপর বোতলে থাকা বাকি বিষটুকু নিজে পান করেন। এ সময় ছেলে আর মায়ের কান্নার শব্দে একই চৌকিতে শুয়ে থাকা ইরানীর ঘুম ভেঙে যায়। মেরিনার নিজ ভাইয়ের ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া মেয়ে ইরানী ঘটনার আকস্মিকতায় চিৎকার করতে থাকে। তার চিৎকারে পরিবারের অন্য সদস্যরা ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে তাদের উদ্ধার করে এবং রাত তিনটার দিকে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। জানা গেছে, পারিবারিক কারণে মনোকষ্ট পেয়ে তিনি শিশুপুত্রকে নিয়ে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক সুজিত রায় জানান, শিশু ইমনের অবস্থা উন্নতির দিকে। তবে তার মা এখনো আশঙ্কামুক্ত নয়। এ বিষয়ে হাসপাতালে চিকিৎসাধীন মেরিনার সঙ্গে কথা বলতে চাইলে তিনি রাজি হননি।