রাজধানীর বারিধারায় নিহত সাদেকুর-রুমানা দম্পতির ছেলেকে মারধর ও অপহরণের চেষ্টার অভিযোগে রাব্বী নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার মধ্যরাতে বাড্ডার নদ্দা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান জানান, সাদেকুর ও রুমানা দম্পতির ছেলে শিহাবুর রহমান থানায় মামলা দেওয়ার পর রাব্বীকে গ্রেপ্তার করা হয়। গতকাল তাকে আদালতে পাঠিয়ে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। গত আগস্টে এই দম্পতির সন্তানদের নিরাপত্তা নিশ্চিত করতে আদালত নির্দেশ দিয়েছিলেন।গত ২৪ মার্চ সকালে উত্তর বারিধারার কালাচাঁদপুর হাইস্কুল রোড-সংলগ্ন বাসায় খুন হন নার্সারি মালিক সমিতির সাধারণ সম্পাদক সাদেকুর রহমান ও তাঁর স্ত্রী রুমানা নার্গিস।নিহত সাদেকুর-রুমানা দম্পতির মেয়ে সুমাইয়া ইয়াসমীন জানান, গত শুক্রবার বিকেল পৌনে পাঁচটার দিকে তাঁর বড় ভাই শিহাবুর রহমান, ভাবি মমতাজ বেগমসহ আরও দুজন উত্তরায় যাওয়ার জন্য নদ্দায় প্রাইভেট কারে ওঠেন। কারটি ছাড়ার আগেই স্থানীয় রাব্বী ও মোমেনসহ কয়েকজন প্রথমে চালককে কার থেকে নামিয়ে মারধর করে। এরপর তারা শিহাবকে আক্রমণ করে। হামলাকারীদের একজন বলে, ‘তোর বাপ-মাকে তো মেরেছি, এইবার তোদেরও শেষ করব।’ তারা শিহাবকে কিল-ঘুষি দিতে থাকে। এ সময় গাড়িচালক কৌশলে কারে উঠে দ্রুত গাড়ি স্টার্ট করে ঘটনাস্থল থেকে চলে যান।সুমাইয়া জানান, মালয়েশিয়াপ্রবাসী শিহাব ঈদের ছুটিতে দেশে আসেন। আগামী কয়েক দিনের মধ্যেই তাঁর মালয়েশিয়ায় যাওয়ার কথা রয়েছে। গতকাল তিনি বিমানের টিকিট আনতে বের হলে হামলার শিকার হন। হামলাকারীদের মধ্যে রাব্বী সাদেকুর-রুমানা হত্যা মামলার প্রধান আসামি রুবেলের ঘনিষ্ঠ বন্ধু। খুনের পর সুমাইয়া ও তাঁর ছোট বোন নিলুফার ইয়াসমীনকে অব্যাহতভাবে হুমকি দিয়ে আসছে রুবেলের সহযোগীরা।