সিলেটের বিয়ানীবাজারে নুরুল ইসলাম নামের এক দিনমজুর তাঁর ছেলেকে শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। গতকাল শনিবার সিলেটের দ্বিতীয় আমলি আদালতে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
পুলিশ সূত্রে জানা গেছে, নুরুল ইসলাম নেত্রকোনা জেলার বাসিন্দা। তিনি বিয়ানীবাজার উপজেলার নয়নের কোনাগ্রামের মুক্তা মিয়ার কলোনিতে তাঁর স্ত্রী ও সন্তানদের নিয়ে পাঁচ বছর ধরে বাস করছেন। গত শুক্রবার সকালে কলোনির জেনারেটরের কক্ষে তাঁর ছেলে ফাহিম আহমেদের (৮) ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন এলাকাবাসী। বিয়ানীবাজার থানার পুলিশ সেখানে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী জানান, আচরণ সন্দেহজনক হওয়ায় গত শুক্রবার ফাহিমের বাবা নুরুল ইসলামকে আটক করা হয়। এ ঘটনায় ফাহিমের মা জেসমিন বেগম বাদী হয়ে গতকাল শনিবার নুরুল ইসলামকে আসামি করে হত্যা মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা বিয়ানীবাজার থানার উপপরিদর্শক (এসআই) শাহিন মিঞা জানান, গতকাল আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে নুরুল ইসলাম বলেন, ছেলের দুষ্টুমিতে পরিবারের সবাই অতিষ্ঠ ছিল।
তিনি আরও জানান, সম্প্রতি পাশের বাড়ির এক ছেলের সঙ্গে মারামারি করে ফাহিম। ঘটনাটি মীমাংসা করতে তিনি একজনের পায়ে ধরে ক্ষমা চান। এরপর থেকে তিনি ছেলের ওপর ক্ষুব্ধ ছিলেন। শুক্রবার সকালে তিনি ছেলেকে স্থানীয় একটি হাটে নিয়ে চায়ের দোকানে রুটি খাওয়ান। এ সময় তিনি তাকে হত্যার পরিকল্পনা করেন। তাঁর স্ত্রী দিনের বেলা কাজে থাকায় তাঁদের ঘরটি খালি ছিল। তাই ঘরে নিয়ে তিনি ফাহিমের গলায় রশি পেঁচিয়ে ফাঁস দিয়ে তাকে হত্যা করেন। পরে লাশ পাশের জেনারেটর কক্ষে ঝুলিয়ে রেখে বাইরে ঘোরাঘুরি করতে থাকেন। ঘণ্টা খানেক পর প্রতিবেশীরা ফাহিম আত্মহত্যা করেছে বলে তাঁকে জানান।