ছেলেকে হত্যার দায়ে বাবার মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার মিনকিকান্দা গ্রামে চার বছরের ছেলে শিশু শরিফ ওরফে সাকিবকে হত্যার দায়ে তার বাবা আবু হানিফকে (৩৫) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার নেত্রকোনার অতিরিক্ত দায়রা জজ মো. আবদুল হামিদ এ রায় দেন।

রায়ের সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, আবু হানিফের সঙ্গে তাঁর স্ত্রী আয়েশা খাতুনের পারিবারিক কলহ চলছিল। এ কারণে আয়েশা একসময় তাঁর বাবার বাড়িতে চলে যান। তাঁর চার ছেলে স্বামীর বাড়িতেই থাকে। এদের মধ্যে সাকিব সবার ছোট। সে প্রায়ই মায়ের জন্য কান্নাকাটি করত। ২০০৮ সালের ১৫ জুলাই সাকিব উঠানে চিৎকার করে মা মা বলে গড়াগড়ি করছিল। এতে উত্তেজিত হয়ে ঘর থেকে রামদা এনে শিশুটির বুকে কোপ দেন আবু হানিফ। ঘটনাস্থলেই সাকিব মারা যায়। ওই দিনই আয়েশা দুর্গাপুর থানায় হত্যা মামলা করেন। পুলিশ একই বছরের ১১ সেপ্টেম্বর হানিফের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। আটজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে গতকাল আদালত এ রায় দেন। রায়ের সময় হানিফ আদালতে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সাইফুল আলম। আসামিপক্ষে ছিলেন নজরুল ইসলাম খান।