ছেলেকে হত্যার দায়ে বাবার যাবজ্জীবন
বগুড়ায় ১০ বছরের শিশুপুত্রকে কুপিয়ে হত্যার দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বগুড়া জেলা ও দায়রা জজ আ ম ম সাঈদ গতকাল সোমবার এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম বিধান চন্দ্র সরকার (৩৮)। কারাদণ্ডের পাশাপাশি তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি বগুড়ার শেরপুর উপজেলার দারুগ্রামের বাসিন্দা। রায় ঘোষণার পর আসামিকে কারাগারে পাঠানো হয়।
মামলার সংক্ষিপ্ত বিবরণী থেকে জানা গেছে, বিধান চন্দ্র সরকার মাদকাসক্ত ছিলেন। সংসার চালাতে স্ত্রী আগমনী রানী অন্যের বাড়িতে কাজ করতেন। ২০১৫ সালের ৩১ আগস্ট মাদকের টাকা না পেয়ে স্ত্রীর ওপর ক্ষুব্ধ হন বিধান। আগমনী অন্যের বাড়িতে কাজ করতে গেলে ১০ বছরের শিশুপুত্র বিজয়কে ঘরে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন। বাড়িতে ফিরে ছেলের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে আগমনী রানীর চিৎকার-চেঁচামেচিতে প্রতিবেশীরা ছুটে আসেন। তাঁরা বিধানকে আটক করে পুলিশে সোপর্দ করেন। এ ঘটনায় আগমনী বাদী হয়ে শেরপুর থানায় বিধান চন্দ্রের বিরুদ্ধে হত্যা মামলা করেন।