ছেলেকেই বাবার খুনি বানানোর চেষ্টা করেছিল পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘হত্যাকাণ্ডের কোনো রহস্য উদ্ঘাটন করতে না পেরে বাবার হত্যার দায় ভাই শোভনের ঘাড়ে চাপানোর চেষ্টা করেছিল পুলিশ। এ জন্য শোভনকে থানায় নিয়ে মানসিক নির্যাতনও করা হয়। পুলিশ বাড়িতে এসে চাপ দিতে থাকে, আমরা যেন বাবার হত্যার সঙ্গে ভাই জড়িত এমন স্বীকারোক্তি দিই।’গতকাল বৃহস্পতিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক মুহম্মদ ইউনুস হত্যা মামলার রায় ঘোষণার পর তাঁর মেয়ে সুদীপা ইউনুস মামলার প্রাথমিক তদন্তকালে পুলিশের ভূমিকা সম্পর্কে এ অভিযোগ করেন।স্ত্রী রেহানা খাতুন (৬৩), ছেলে রাশেদ জামান ওরফে শোভন (৩৫) ও মেয়ে সারা সুদীপা ইউনুসকে (২৯) নিয়ে বিশ্ববিদ্যালয়ের পাশে নিজেদের বিনোদপুরের বাসায় থাকতেন অধ্যাপক ইউনুস। হত্যাকাণ্ডের কিছু দিন পর ইউনুসের স্ত্রী ও সন্তানেরা বিনোদপুরের বাসা ছেড়ে চলে যান ঢাকায়। মেয়ে সুদীপা বর্তমানে স্বামীর সঙ্গে বান্দরবানে রয়েছেন।সুদীপা মুঠোফোনে প্রথম আলোকে জানান, বিনোদপুরে তাঁদের বাড়ির চারপাশেই জামায়াত-শিবিরের আখড়া। বাবার মৃত্যুর পরে সেখানে তাঁদের বসবাস করা কঠিন হয়ে উঠেছিল। তিনি বলেন, ‘বাবাকে হারানোর শোকে আমরা যখন পাগল, ঠিক তখনই শুরু হয় পুলিশের অমানবিক নির্যাতন।’সুদীপা জানান, তাঁর ভাই শোভন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সংগীত বিভাগের অস্থায়ী ইনস্ট্রাক্টর ছিলেন। পরে তাঁকে বিশ্ববিদ্যালয়ের সংগীত ও নাট্যকলা বিভাগে খণ্ডকালীন শিক্ষকতার সুযোগ দেওয়া হয়। কিন্তু তাঁর চাকরি আর স্থায়ী করা হয়নি। বেকার হয়ে পড়েন শোভন। শুধু বাবার পেনশনের টাকায় চলছে তাঁদের পরিবার।রায়ের ব্যাপারে সুদীপা বলেন, ‘পুলিশ এ মামলায় তদন্তের নামে কিছুই করেনি। দুজন আসামি স্বীকার করেছে, তাই তাদের দণ্ড দেওয়া হলো। কিন্তু ওই দুজনের স্বীকারোক্তিতে যাদের নাম এসেছিল, তারাও খালাস পেয়ে গেল। মনে হচ্ছে, এ বিচারের কোনো মানেই হয় না।’অধ্যাপক ইউনুসের স্ত্রী রেহেনা খাতুন বলেন, ‘আমি শুধু ন্যায়বিচার চেয়েছিলাম। পুলিশ একসময় আমার ছেলেকে বাবার হত্যাকারী সাজানোর জন্য থানায় ধরে নিয়ে গেছে।’ তত্কালীন মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্রাম হোসেন অভিযোগের জবাবে বলেন, ‘এটি একটি “ক্লুলেস মার্ডার” বা সূত্রহীন হত্যা ছিল। তাই এর কারণ ও সূত্র খুঁজে বের করার জন্য জিজ্ঞাসাবাদের স্বাভাবিক নিয়ম অনুসরণ করা হয়েছিল। জিজ্ঞাসাবাদের নামে থানায় এনে কাউকে আটকে রাখা হয়নি।’ আক্রাম হোসেন বর্তমানে রাজশাহী গোয়েন্দা পুলিশের কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।যেভাবে হত্যা করা হয় ইউনুসকে২০০৪ সালের ২৪ ডিসেম্বর ভোরে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অধ্যাপক ইউনুসকে হত্যা করা হয়। এ ঘটনায় ইউনুসের ভাই আবদুল হালিম পরদিন রাজশাহীর মতিহার থানায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের নামে হত্যা মামলা করেন।২০০৭ সালের ১০ সেপ্টেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক মোহাম্মদ হেলাল উদ্দিন আটজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।আদালত সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ২১ মে জেএমবির নেতা সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইয়ের বড় ভাইয়ের জামাই শহীদুল্লাহ মুখ্য মহানগর হাকিমের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এতে তিনি বলেন, ‘জেএমবির নেতা শায়খ আবদুর রহমানের নির্দেশে মোহাম্মদ ইউনুসকে হত্যা করা হয়েছে।’ শহীদুল্লাহর স্বীকারোক্তি অনুযায়ী, হত্যাকাণ্ডের এক মাস আগে শায়খ আবদুর রহমান শহীদুল্লাকে মোবাইল ফোনে এ হত্যার নির্দেশ দেন। অধ্যাপক ইউনুসকে ইসলামবিরোধী এবং চরমপন্থীদের পৃষ্ঠপোষক হিসেবে চিহ্নিত করে এ হত্যার নির্দেশ দেওয়া হয়।