ছেলেটি মিছিলে না যাওয়ায়...
কিশোর ছেলেটি মিছিলে না যাওয়ায় আওয়ামী লীগ নামধারী সন্ত্রাসী রাজা মিয়া ও তাঁর দলবল ছেলেটির বাবা, মা-সহ ওই পরিবারের পাঁচজনকে পিটিয়ে গুরুতর জখম করেছে। জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পাখিমারা গ্রামে গতকাল মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। তবে স্থানীয় আওয়ামী লীগ হামলাকারীদের নিজেদের লোক বলে স্বীকার করেনি। হামলার শিকার পরিবার ও এলাকাবাসী জানান, পাখিমারা গ্রামের স্বপন মিয়ার (৪৫) নবম শ্রেণীপড়ুয়া ছেলে জামিল মিয়াকে (১৫) সাংসদের পক্ষে গতকাল আয়োজিত এক মিছিলে যেতে বলেন স্থানীয় আওয়ামী লীগের লোক বলে পরিচিত রাজা মিয়া। কিন্তু না যাওয়ায় দুপুরে জামিলের বাড়িতে রাজা মিয়া তাঁর লোকজন নিয়ে এসে জামিলকে পেটাতে থাকেন। এ সময় জামিলের বাবা এগিয়ে এলে সন্ত্রাসীরা তাঁকেও মারধর শুরু করে। এ সময় স্বপন মিয়ার স্ত্রী জোছনা বেগম, মেয়ে সঞ্চৃতি বেগম ও সাত বছরের ছোট ছেলে মেহেদীকে পিটিয়ে গুরুতর জখম করে সন্ত্রাসীরা। পরে এলাকাবাসী এসে গুরুতর অবস্থায় স্বপন মিয়াকে প্রথমে সরিষাবাড়ী হাসপাতালে ভর্তি করে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। জামিল বলে, ‘সন্ত্রাসী রাজা প্রায়ই আমাকে মিছিলে যেতে বলে। কিন্তু পড়ালেখা বাদ দিয়ে আমি মিছিলে না যাওয়ায় তারা আমার বাবা, মা, বোন, ছোট ভাইটাকে পর্যন্ত পেটাল।’ এদিকে গতকাল এলাকায় জামালপুর-৪ আসনের সাংসদ মুরাদ হাসানের পক্ষে মোটরসাইকেল মহড়া হয়। এরপর রাজা মিয়াকে আর এলাকায় পাওয়া যায়নি। তাঁর মুঠোফোনও বন্ধ। তাই তাঁর বক্তব্য পাওয়া যায়নি। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন বলেন, ‘রাজা মিয়া আওয়ামী লীগের কেউ না। সে এমপির লোক।’