ছেলেটির চোখে জল
প্রতিটি ক্লাসেই প্রথম হতো ছেলেটি। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ সহ সাধারণ গ্রেডে বৃত্তি পায়। কিন্তু একটি দুর্ঘটনায় তার মেরুদণ্ড ভেঙে যায়। এখন সে শয্যাশায়ী। তার পরও লেখাপড়া চালিয়ে যাচ্ছে। ছেলেটি এবার জেএসসি পরীক্ষা দিয়েছে। নাম তার নিবির সিকদার। বাড়ি পিরোজপুর সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের নগরবাড়ি গ্রামে।নিবিরের বাবা সমীর সিকদার একজন পল্লিচিকিৎসক। তিনি বলেন, ‘আমার একমাত্র ছেলে নিবির। বাড়ির পাশে ঢেপুলিয়া রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ে পড়ত। প্রতি ক্লাসে প্রথম হতো। প্রাথমিক শিক্ষা সমাপনীর পর পাশের বাবলা মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি হয় সে। ২০১০ সালে মে মাসের দিকে নিবির বাড়ির একটি জামগাছ থেকে পড়ে গিয়ে মেরুদণ্ডের হাড় ভেঙে যায়।’ তিনি আরও বলেন, ‘একমাত্র ছেলের চিকিৎসা করাতে গিয়ে অনেক টাকা দেনা হয়েছি। থাকার মতো একটি ঘর, আর মাঠে দুই-তিন কাঠা জমি আছে আমার। কষ্টে চলছি, ছেলের ইচ্ছা লেখাপড়া করার। সে যত দূর পড়াশোনা করতে চায়, আমি চেষ্টা করব তাকে তত দূর পড়ানোর। চিকিৎসকেরা জানিয়েছেন, নিবিরকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা করানো হলে সে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবে।’ঢেপুলিয়া রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবাস চন্দ্র জানান, নিবির খুবই মেধাবী। আবৃত্তি, বক্তৃতা ও একক অভিনয়ে সে একাধিকবার প্রথম হয়েছে। বাবলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল কৃষ্ণ প্রথম আলোকে জানান, বাড়িতে, বিছানায় থেকে লেখাপড়া করেও সে বিভিন্ন পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকার করেছে। বিদ্যালয়ে এসে পাঠ নিতে পারলে সে অবশ্যই প্রথম স্থান অধিকার করত। বিদ্যালয়ের বিভিন্ন প্রতিযোগিতায় সে প্রথম স্থান অধিকার করে আসছে। সম্প্রতি তাদের বাড়ি গিয়ে কথা হয় তার মায়ের সঙ্গে। মা বাসন্তি হালদার বলেন, ‘ভিটেমাটি যেটুকু আছে, সব বিক্রি করে হলেও ছেলেকে চিকিৎসা করাব।’ এ কথা শোনে তখন নিবির বলে, ‘সব বিক্রি করে আমাকে চিকিৎসা করালে তোমরা থাকবে কোথায়?’ সে আরও বলে, ‘বিছানায় শুয়ে শুয়ে লেখাপড়া চালিয়ে যাব। ইচ্ছা ছিল চিকিৎসক হওয়ার। কিন্তু খুব অল্প বয়সেই আমি বিছানায়।’ এ কথা বলতে বলতে দু চোখ ভিজে ওঠে নিবিরের।