ছেলেটির স্কুলে যাওয়াই বন্ধ
ডান পায়ের পাতা থেকে গোড়ালির উপরিভাগ পর্যন্ত ব্যান্ডেজ করা। হাঁটার সক্ষমতা নেই। বাধ্য হয়ে বিছানায় শুয়েই দিন কাটাতে হচ্ছে। সামনেই পরীক্ষা, অথচ স্কুলে যেতে পারছে না। এ অবস্থা বিপ্লব হোসেনের। সে কুষ্টিয়া সদর উপজেলার খেজুরতলা পাটিকাবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী।মারের চোটে বিপ্লবের পায়ের গোড়ালির হাড় ভেঙে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। শিক্ষার্থীদের গায়ে হাত তোলা নিষিদ্ধ হলেও বিপ্লবের স্কুলের এক শিক্ষক তার এ অবস্থা করেছেন বলে অভিযোগ উঠেছে।বিপ্লব ও তার পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, বুধবার সকালে বিপ্লব তার স্কুলের শাহজান নামের এক শিক্ষকের কাছ থেকে ছুটি নিয়ে বাড়ি ফিরতে উদ্যত হয়। কিন্তু স্কুলের মাঠে পৌঁছানোর পর আরেক শিক্ষক আশরাফুল ইসলাম তাকে ডেকে নিয়ে যান। এ সময় ওই শিক্ষক বিপ্লবকে কঞ্চি দিয়ে তার পায়ে আঘাত করেন। মারের চোটে আহত হওয়ার পর বিপ্লব বাড়ি চলে যায়।বিপ্লবের বাবা লাল্টু বৃহস্পতিবার ছেলেকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে চিকিৎসা করান। বর্তমানে বিপ্লবের পা ব্যান্ডেজ করা রয়েছে। চিকিৎসকেরা বলেছেন, গোড়ালির হাড়ে আঘাত পেয়েছে। তাকে কমপক্ষে ১৫ দিন বিশ্রামে থাকতে হবে।তবে ১৪ জুলাই থেকে বিপ্লবের দ্বিতীয় সাময়িক পরীক্ষা শুরু হওয়ার কথা। এ অবস্থায় সে স্কুলেও যেতে পারছে না। লাল্টু ইসলাম বলেন, ‘আমার ছেলেরে মারি যেভাবে পা ভাঙি দিছে, এ কারণে সারেগের কাছে জানাইছিলাম, সারেরা তিন দিনেও দেখতে আসেনি। এর যেন সুষ্ঠু বিচার হয়।’তবে অভিযোগের বিষয়ে শিক্ষক আশরাফুল ইসলাম বলেন, স্কুল পালানোর অভিযোগে ওই ছাত্রকে স্কেল দিয়ে মারা হয়েছে। এতে তেমন সমস্যা হওয়ার কথা নয়। পায়ে ব্যান্ডেজ করার কথা বললে তিনি বলেন, ‘এত লেগেছে, তখন বুঝিনি। এই মারের জন্য আমি দুঃখিত।’স্কুলের প্রধান শিক্ষক সমির খান বলেন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভা করে ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।