ছেলেদের পিটুনিতে পিতার মৃত্যুর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ভালুকা উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের গাদুমিয়া গ্রামে মাকে মারধর করার অপরাধে তিন ছেলে তাঁদের পিতাকে মারধর করেন। গত শুক্রবার সকালে এ ঘটনার পর গুরুতর আহত অবস্থায় পিতা শহীদুল্লাহকে প্রথমে ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে ওই দিন সন্ধ্যায় শহীদুল্লাহ (৫৫) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তবে নিহতের পরিবারের দাবি শহীদুল্লাহ স্ট্রোকে মারা গেছেন।নিহতের লাশ ময়নাতদন্ত শেষে গতকাল শনিবার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত ভালুকা মডেল থানায় এ ঘটনায় কোনো মামলা হয়নি।এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার গাদুমিয়া গ্রামের শহীদুল্লাহ পারিবারিক বিষয়ে বিভিন্ন সময় তাঁর স্ত্রীকে মারধর করতেন। গত শুক্রবার সকালে পারিবারিক বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে শহীদুল্লাহ তাঁর স্ত্রীকে মারধর শুরু করেন। এ সময় শহীদুল্লাহর তিন পুত্র মোফাজ্জল হোসেন (৩২), নাজমুল ইসলাম (২৭) ও তারেক মিয়া (২২) মাকে মারধর করায় ক্ষিপ্ত হয়ে তাঁদের পিতাকে মারধর শুরু করেন। পরে শহীদুল্লাহ অসুস্থ হয়ে পড়লে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান।নিহতের পরিবারের দাবি, মারধরের কোনো ঘটনা ঘটেনি। শহীদুল্লাহ স্ট্রোকে মারা গেছেন। ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিউর রহমান জানান, পরিবারের দাবি শহীদুল্লাহ স্ট্রোকে মারা গেছেন। এ জন্য থানায় কোনো মামলা হয়নি।