ছেলেদের বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ
মেয়ের নামে জমি লিখে দেওয়ায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত সোমবার উপজেলার জয়কুড় গ্রামে। এ ব্যাপারে নিহতের ভাই তারাবউদ্দীন গতকাল মঙ্গলবার পীরগঞ্জ থানায় মামলা করেছেন। মামলায় রাহেলার ছেলে আইনুল, আলিমুল, এনামুল, মমতাজ, মহসীন, আবুল কাশেম এবং তাঁদের স্ত্রীদের আসামি করা হয়েছে। পুলিশ প্রথমোক্ত চার ছেলেকে গ্রেপ্তার করেছে।মামলার এজাহার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, জয়কুড় গ্রামের মৃত আবদুল গফুরের স্ত্রী রাহেলা বেগম (৬২) তাঁর স্বামীর ভিটায় ছেলেদের সঙ্গে বসবাস করতেন। তিনি গত বৃহস্পতিবার তাঁর একমাত্র মেয়ে শরীফা বেগমের নামে ৬৩ শতক জমি লিখে দেন। মেয়ের বাড়িতে কয়েক দিন থাকার পর গত রোববার বিকেলে রাহেলা মেয়েকে সঙ্গে নিয়ে জয়কুড় গ্রামে তাঁর বাড়িতে ফিরে আসেন।বাদী এজাহারে উল্লেখ করেন, রাহেলা তাঁর মেয়েকে জমি লিখে দিয়েছেন—এ কথা জানতে পেরে গত সোমবার দুপুরে রাহেলার ছেলেরা তাঁকে দফায় দফায় পেটাতে থাকেন। পিটুনির শিকার রাহেলা বেলা দুইটার দিকে বাড়িতেই মারা যান।গ্রামবাসীর কাছে খবর পেয়ে বিকেল চারটার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ থানায় নিয়ে যায়। পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান জানান, রাহেলাকে মারধরের ঘটনার সত্যতা পাওয়া গেছে। এ ব্যাপারে মামলা হয়েছে।