ছেলেদের মারামারি দেখে বাবার মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমিসংক্রান্ত বিরোধে চার ছেলের মারামারির দৃশ্য দেখে মারা গেছেন শুকুর আলী (৯০) নামের এক ব্যক্তি। গতকাল সোমবার মানিকগঞ্জের শিবালয় উপজেলার ধূসর গ্রামে এ ঘটনা ঘটে।নিহতের পরিবার জানায়, ধূসর গ্রামের শুকুর আলীর প্রায় ১৬০ শতক জমি ছিল। সম্প্রতি তিনি তাঁর চার ছেলে শামসুল হক, নূরুল ইসলাম, মো. শাহজাহান ও খোরশেদ আলীর মধ্যে ওই জমি ভাগ-বাঁটোয়ারা করে দেন। রাস্তার পাশের জমি দেওয়া হয় নূরুল ও শাহজাহানকে। ভেতরের দিকের জমি দেওয়া হয় শামসুল ও খোরশেদকে। এ জন্য তাঁদের ৭ শতাংশ করে বেশি জমি দেওয়া হয়। এ নিয়ে শামসুল ও খোরশেদের মধ্যে ক্ষোভ ছিল এবং চার ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, এসব সমস্যার সমাধানের জন্য গতকাল দুপুর ১২টার দিকে গ্রামের মুরব্বিদের নিয়ে শুকুর আলীর বাড়িতে বৈঠক ডাকা হয়। বৈঠকের পরপরই তাঁর চার ছেলের মধ্যে মারামারি শুরু হয়। একপর্যায়ে ছোট ছেলে খোরশেদ দা দিয়ে মেজ ছেলে নূরুল ইসলামের কপালে কোপ দেন। এই দৃশ্য দেখে মাটিতে পড়ে যান বাবা শুকুর আলী। পরিবারের লোকজন স্থানীয় উথলী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মুকুল চন্দ্র মণ্ডল বলেন, হাসপাতালে আনার আগেই শুকুর আলী মারা যান। ধারণা করা হচ্ছে, হূদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়।