
এইচএসসিতে ছেলেদের চেয়ে মেয়েদের ফল তুলনামূলকভাবে ভালো উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেছেন, ‘মেয়েরা এগিয়ে যাচ্ছে, ছেলেদের পিছিয়ে থাকলে চলবে না। আজকাল মেয়েরা মনোযোগ দিয়ে পড়ালেখা করছে। ছেলেদেরও পড়ালেখায় মনোযোগী হতে হবে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বৃহস্পতিবার সকালে গণভবনে এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন। এ সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে সুনামগঞ্জ ও কক্সবাজারের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে হাওর ও পাহাড়ি এলাকার শিক্ষার্থীদের জন্য আবাসিক স্কুল গড়ে তোলা হবে বলে জানান তিনি।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কাছে সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে ফলাফলের অনুলিপি হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শিক্ষাসচিব সোহরাব হোসেইন ও শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের দেশের ছেলেমেয়েরা অন্যান্য দেশের ছেলেমেয়েদের চেয়ে অনেক মেধাবী। আমাদের শুধু তাদের শিক্ষার সুযোগটা করে দিতে হবে।’ এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রকাশিত ফলাফলে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, শিক্ষার্থীরা নিজেদের উন্নতির লক্ষ্যে মন দিয়ে লেখাপড়া করেছে বলেই তাদের ফল দিন দিন ভালো হচ্ছে।
অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ একদিন শিক্ষিত মানুষের দেশ হবে। এই লক্ষ্য বাস্তবায়নে প্রত্যেক ছেলেমেয়ের শিক্ষার অধিকার নিশ্চিত করতে তাঁর সরকার কাজ করে যাচ্ছে। কোনো ছেলেমেয়েই শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত থাকবে না।
ছাত্রছাত্রীরা নিজেদের সন্ত্রাস-জঙ্গিবাদ ও মাদকমুক্ত রাখবে, এ আশা ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, তারাই তো আগামী দিনের ভবিষ্যৎ। তারাই ভবিষ্যতে দেশকে নেতৃত্ব দেবে। পরে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে সুনামগঞ্জ ও কক্সবাজারের শিক্ষক-শিক্ষার্থী এবং শিক্ষাসংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
প্রথম আলোর সুনামগঞ্জ অফিস জানায়, ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী বলেছেন, সুনামগঞ্জের মানুষ প্রাকৃতিক প্রতিকূল পরিবেশে বেড়ে ওঠে। নৌকায় হাওরের বড় বড় ঢেউ পাড়ি দিয়ে শিক্ষার্থীরা স্কুলে যায়। শিক্ষার্থীদের জন্য এটা খুবই কষ্টের। শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশের জন্য হাওর এলাকায় আবাসিক স্কুল গড়ে তোলা হবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমি হাওর এলাকায় ঘুরেছি। একইভাবে পাহাড়েও গিয়েছি। আবাসিক স্কুল প্রতিষ্ঠার জন্য দুর্গম হাওর ও পাহাড়ি এলাকার কিছু নির্দিষ্ট স্থান চিহ্নিত করতে হবে।’
সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম এ কনফারেন্সে জেলার শিক্ষার সার্বিক পরিস্থিতি তুলে ধরেন।