ছেলেধরা সন্দেহে গণপিটুনি, এক নারী নিহত
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সিনাবহ বাঘাম্বর এলাকায় গতকাল শনিবার ছেলেধরা সন্দেহে জনতার পিটুনিতে অজ্ঞাতপরিচয় এক নারী (৩৫) নিহত হয়েছেন। গণপিটুনিতে আহত এক নারী হাসপাতালে চিকিৎসাধীন।এলাকাবাসী ও পুলিশ সূত্রের ভাষ্যমতে, গতকাল দুপুরে অজ্ঞাতপরিচয় ওই নারী সিনাবহ বাঘাম্বর এলাকায় জামাল হোসেনের ঘরে ঢুকে পড়েন। ওই নারীর আচরণ মানসিক ভারসাম্যহীনের মতো হওয়ায় জামালের মেয়ে ময়না আক্তার (১৪) ভয় পেয়ে যায়। এ সময় সে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এসে ছেলেধরা সন্দেহে ওই নারীকে ধরে পিটুনি দেয়। ওই সময় জোসনা বেগম (৪০) নামের এক নারী ময়নাকে রক্ষা করতে এলে তাঁকেও ছেলেধরা সন্দেহে জনতা পিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ মুমূর্ষু অবস্থায় তাঁদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অজ্ঞাতপরিচয় ওই নারীকে মৃত ঘোষণা করেন। আহত জোসনাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া জামালের মেয়ে ময়না জ্ঞান হারিয়ে ফেললে তাকে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। জোসনার বাড়ি কুড়িগ্রামের উলিপুর থানার তনুরাই গ্রামে। মৌচাক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত নারী প্রতিবন্ধী ছিলেন। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।