ছেলেধরা সন্দেহে চার নারীকে গণপিটুনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় গত বৃহস্পতি ও শনিবার ছেলেধরা সন্দেহে চার নারীকে পিটুনি দিয়েছে এলাকাবাসী। পরে পুলিশ তাঁদের উদ্ধার করে। এদিকে ছেলেধরা গুজবে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে শনিবার রাতে এলাকায় মাইকিং করেছে স্থানীয় প্রশাসন।পুলিশ ও এলাকাবাসী জানায়, ছেলেধরা সন্দেহে বৃহস্পতিবার সন্ধ্যায় নালিতাবাড়ী পৌর মহাশ্মশান ও কালীনগর এলাকায় দুই নারী এবং শনিবার সকালে কোন্নগর গ্রামে অপর দুই নারীকে আটক করে পিটুনি দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ তাঁদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। এঁদের মধ্যে দুজনের বাড়ি নালিতাবাড়ী উপজেলায়। অন্য দুজনের বাড়ি ময়মনসিংহের তারাকান্দায়।নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম হায়দার বলেন, সন্দেহজনক যে চার নারীকে আটক করা হয়েছিল, তাঁদের মধ্যে দুজন মানসিক ভারসাম্যহীন। জিজ্ঞাসাবাদের পর অভিভাবকের জিম্মায় তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে। অপর দুজনের পক্ষে কোনো অভিভাবক না থাকায় ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। ওই নারীরা মূলত ফেরিওয়ালা।উপজেলা পরিষদের চেয়ারম্যান বদিউজ্জামান বলেন, ছেলেধরা গুজবে কেউ যেন বিশ্বাস না করে, তাই এলাকায় মাইকিং করা হয়েছে।