ছেলেধরা সন্দেহে পিটুনি, বৃদ্ধ নিহত
গায়ে ময়লা কাপড়, মুখে পান খাওয়ার ছাপ, দাড়ি ও গোঁফওয়ালা, লম্বা উসকোখুসকো চুল, লম্বা গড়নের লোকটি। বয়স প্রায় ৬০ বছর। বুধবার সকাল নয়টার দিকে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ভেলাতৈড় হলদিবস্তি গ্রামের রাস্তা দিয়ে হাঁটছিলেন।ওই রাস্তার ওপর দাঁড়িয়ে এক কিশোর মুঠোফোনে কথা বলছিল। বৃদ্ধ ওই কিশোরের পাশে এসে দাঁড়িয়েছেন। তাঁকে দেখেই কিশোর ‘ছেলেধরা’ বলে চিৎকার করে ওঠে। তার চিৎকার শুনেই আশপাশের লোকজন ছুটে এসে ওই বৃদ্ধকে বেদম মারধর করতে শুরু করে।প্রত্যক্ষদর্শী পীরগঞ্জ সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী তোফাজ্জল হোসেন বলেন, ‘কেউ কারও কথা শোনে না, শুধু মার আর মার। পিটুনির সময় হাত নেড়ে বৃদ্ধ কী যেন বলতে চাইছিলেন। তাঁর কথায় কর্ণপাত না করে সমানে কিলঘুষি, লাথি মারতে থাকে সবাই। কিছুক্ষণের মধ্যেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন।’এরপর ওই গ্রামের তরুণ মাজেদুর রহমান ও এনতাজুল হক বৃদ্ধকে মোটরসাইকেলে তুলে প্রায় তিন কিলোমিটার দূরে পীরগঞ্জ ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ে নেন এবং চেয়ারম্যানের জন্য অপেক্ষা করতে থাকেন। ‘ছেলেধরা’ ধরা পড়েছে—এ সংবাদ পেয়ে সেখানে ছুটে আসে অনেক মানুষ। কিন্তু চেয়ারম্যান আসার আগেই সেখানে আবারও ওই বৃদ্ধকে পিটুনি দেওয়া হয়। ততক্ষণে বৃদ্ধ আবারও মাটিতে লুটিয়ে পড়েন। পরে পীরগঞ্জ থানার পুলিশ এসে তাঁকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি ঘটলে তাঁকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নেওয়া পথে মৃত্যু হয়।ইউপি চেয়ারম্যান আখতারুল ইসলাম বলেন, ‘আমি সময়মতো পরিষদে পৌঁছাতে পারলে হয়তো লোকটিকে রক্ষা করা যেত। তাঁকে ছেলেধরা বলে কোনো প্রমাণ পাইনি।’পীরগঞ্জ থানার এসআই আবু রায়হান বলেন, গণপিটুনির এ ঘটনায় পীরগঞ্জ থানায় প্রায় ৫০০ জনকে আসামি করে একটি হত্যা মামলা করা হয়েছে। ওই গ্রামের এনতাজুল হককে গ্রেপ্তার করা হয়েছে। আমরা প্রকৃত জড়িত লোকজনকে শনাক্ত করার জন্য জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছি।’পীরগঞ্জ থানার ওসি এ কে এম মেহেদী হাসান গতকাল বৃহস্পতিবার দুপুরে বলেন, ‘বুধবারই ঠাকুরগাঁও হাসপাতালের মর্গে ওই বৃদ্ধের লাশের ময়নাতদন্ত হয়েছে। তাঁর পরিচয় বা ঠিকানা জানা যায়নি। ছেলেধরা হিসেবে কোনো আলামতও তাঁর কাছে পাওয়া যায়নি। নিছক একটা ফকির ধরনের ওই বৃদ্ধ উদাসীনভাবে ঘুরে বেড়াচ্ছিলেন বলেই মনে হয়। তাঁর এমন মৃত্যু দুর্ভাগ্যজনক।’বেসরকারি সংস্থা ইএসডিওর প্রদীপ প্রকল্পের মানবাধিকারকর্মী মমিনুর রহমান বলেন, একজন মানুষ যে দোষেই দুষ্ট হোক না কেন, দেশের প্রচলিত আইন হাতে তুলে নিয়ে তাকে পিটিয়ে হত্যা করার অধিকার কারও নেই। এই বৃদ্ধকে মেরে অমানবিক ও আইনবিরোধী কাজ করা হয়েছে। দেশের একজন নাগরিকের নিরাপত্তা বিধান করার পাশাপাশি মানুষকে আইনসচেতন করে তোলার দায়িত্ব পুলিশ প্রশাসনের। এটা করা হলে বেআইনি কাজ দ্রুত কমে আসবে।