ছেলেবউ হত্যা মামলায় জামিন পেল টিপু দম্পতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছেলেবউ চিকিৎসক শামারুখ মাহজাবিন হত্যা মামলায় আগাম জামিন পেলেন সাবেক সাংসদ খান টিপু সুলতান ও তাঁর স্ত্রী জেসমিন আরা।

এই দম্পতি আজ রোববার হাইকোর্টে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে আগাম জামিনের আবেদন করে।

বিচারপতি সৈয়দ এ বি মাহমুদুল হক ও বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ ওই আবেদনের শুনানি শেষে চার সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেন।

আদালতে এই দম্পতির পক্ষে ছিলেন আইনজীবী নুরুল ইসলাম। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশিরউল্লাহ।

এদিকে এই হত্যাকাণ্ডের ঘটনায় আজ শামারুখের স্বামী হুমায়ুন সুলতানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার মুখ্য মহানগর হাকিম আনোয়ার সাদাত। তবে স্ত্রীকে হত্যার অভিযোগ অস্বীকার করেছেন হুমায়ুন।

গত বৃহস্পতিবার দুপুরে শ্বশুর খান টিপু সুলতানের ধানমন্ডির বাসায় শামারুখের রহস্যজনক মৃত্যু হয়।

মেয়েকে পরিকল্পিতভাবে শ্বাসরোধ করে হত্যা করার অভিযোগ এনে ওই রাতেই শামারুখের বাবা নুরুল ইসলাম ধানমন্ডি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় হুমায়ুন, তাঁর বাবা খান টিপু সুলতান ও মা জেসমিন আরাকে আসামি করা হয়েছে। ওই দিন রাতে পুলিশ হুমায়ুন সুলতানকে গ্রেপ্তার করে।

স্বজনদের অভিযোগ, বিয়ের পর থেকে শামারুখকে বিভিন্ন অজুহাতে খান টিপু সুলতান ও তাঁর স্ত্রী নির্যাতন করে আসছিলেন।

নুরুল ইসলামের অভিযোগ, খান টিপু সুলতান, তাঁর স্ত্রী জেসমিন আরা ও ছেলে হুমায়ুন সুলতান পরস্পর যোগসাজশে পরিকল্পিতভাবে শামারুখকে শ্বাসরোধ করে হত্যা করেন। মামলার পর থেকেই খান টিপু সুলতানের পক্ষ থেকে তাঁকে ভয় দেখানো হচ্ছে।

শামারুখ হলি ফ্যামিলি মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। সম্প্রতি তিনি ওই হাসপাতালে ইন্টার্নশিপ সম্পন্ন করেন। তিনি তাঁর শ্বশুরের পরিবারের সঙ্গে ধানমন্ডি ৬ নম্বর সড়কের ১৪ নম্বরে কেয়ারি তাজ নামের বহুতল ভবনের তিনতলায় থাকতেন।

শামারুখের বাবা নুরুল ইসলাম যশোরের ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির সহকারী প্রকৌশলী। তিনি যশোর শহরের বিমানবন্দর সড়কের স্থায়ী বাসিন্দা। দুই ভাইবোনের মধ্যে শামারুখ ছোট ছিলেন।

আরও জানতে পড়ুন: