ছেলেমেয়েকে নিয়ে মায়ের আত্মহনন!
রাজবাড়ীর পাংশা উপজেলার বনগ্রামে গত শনিবার রাতে দুই ছেলেমেয়ে নিয়ে এক মা আত্মহনন করেছেন। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রতিবেশীরা বলছেন, অভাব-অনটন সইতে না পেরে ওই গৃহবধূ এ পথ বেছে নিয়েছেন। তবে ঘটনাটি নিছক আত্মহনন কি না, এ নিয়ে মৃত গৃহবধূর ভাই সংশয় প্রকাশ করেছেন।নিহত ব্যক্তিরা হলো গৃহবধূ আছিয়া খাতুন (২৭), ছেলে আশিফ (৭) ও মেয়ে খাদেজা (৪)।সরেজমিনে দেখা যায়, জীর্ণ পুরোনো বাড়ির উঠানে সারিবদ্ধভাবে মায়ের পাশে ছেলে ও মেয়ের লাশ রাখা হয়েছে। পাশে বসে বিলাপ করছেন আছিয়ার স্বামী আমিরুল ইসলাম (৩৪)।এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় ১০ বছর আগে উপজেলার হাবাসপুর ইউনিয়নের চর আফড়া গ্রামের ডাবলু সরদারের মেয়ে আছিয়ার সঙ্গে পাট্টা ইউনিয়নের বনগ্রামের আমিরুলের বিয়ে হয়। আমিরুল পেশায় দিনমজুর হলেও নিয়মিত কাজ করতেন না। এ কারণে স্ত্রীর সঙ্গে তাঁর ঝগড়া-বিবাদ লেগেই থাকত। গত ২০ মার্চ ঝগড়ার একপর্যায়ে আমিরুল স্ত্রীকে মৌখিকভাবে তালাক দেন। পরে এলাকাবাসীর সমঝোতায় ১ এপ্রিল পুনরায় তাঁদের বিয়ে পড়ানো হয়। গত শনিবার রাতে তাঁদের ঘরে রান্না হয়নি। সকালে বাড়ির পাশে আমগাছে ঝুলন্ত অবস্থায় মা ও ছেলেমেয়ের লাশ দেখতে পাওয়া যায়।আমিরুল জানান, বৃষ্টির জন্য কাজ করতে না পারায় বাজার করতে পারেননি সেদিন। এ নিয়ে স্ত্রীর সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। তিনি স্ত্রীকে মারধর করেননি বলে দাবি করেন। রাতের কোনো একসময় তারা আত্মহত্যা করে থাকতে পারে।পাট্টা ইউনিয়ন পরিষদের সদস্য আবদুল্লাহ জানান, তাদের সংসারে ঝগড়া-বিবাদ প্রায়ই লেগে থাকত। অভাব-অনটন থেকেই তারা আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।নিহত আছিয়ার ভাই আক্কাস আলী জানান, বিয়ের পর থেকেই আমিরুল ঠিকমতো কাজ না করায় সংসারে অশান্তি ছিল। গত মাসে তাঁর বোনকে তালাক দিলেও সবার চাপে আবার সংসার শুরু করেন। আজ তাঁর বোন আত্মহত্যা করেছেন, নাকি অন্য কোনো ঘটনা আছে—তিনি এ ব্যাপারে সংশয় প্রকাশ করেন।পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আলমগীর হোসেন জানান, লাশ উদ্ধার করে রাজবাড়ী মর্গে পাঠানো হচ্ছে। আমিরুলকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের ভাই বাদী হয়ে হত্যা মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।