ছেলেমেয়েকে সমান দৃষ্টিতে দেখতে হবে: শিক্ষামন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ছেলেদের মতো কন্যাশিশুও পরিবার ও জাতির জন্য সমান গুরুত্বপূর্ণ। এটা সবাইকে অনুধাবন করতে হবে। এ জন্য সবার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। ছেলেমেয়ে সবাইকে সমান দৃষ্টিতে দেখতে হবে।
আন্তর্জাতিক কন্যাশিশু দিবস, ২০১৬ উদ্যাপন উপলক্ষে গতকাল বুধবার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ‘জেনারেশন ব্রেকথ্রু প্রকল্প’-এর উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
শিক্ষামন্ত্রী বলেন, কন্যাশিশুদের বিষয়ে সমাজের দৃষ্টিভঙ্গি অনেক পাল্টেছে। এ জন্য সব শিশুকে স্কুলে নিয়ে আসা সম্ভব হয়েছে। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে এখন মেয়েদের সংখ্যা ছেলেদের চেয়ে বেশি। সমান সুযোগ নিশ্চিত করতে পারলে মেয়েরাও চ্যালেঞ্জিং কাজ সফলভাবে সম্পন্ন করতে পারে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এস এম ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোহরাব হোসাইন, বাংলাদেশে নেদারল্যান্ডস দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মার্টিন ভ্যান হফস্টার্টেন, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের ইফতিখার উদ্দিন খন্দকার, জেনারেশন ব্রেকথ্রু প্রকল্পের পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
আলোচনা সভার আগে দিবসটি উপলক্ষে এক শোভাযাত্রায় যোগ দেন শিক্ষামন্ত্রী।