ছেলের অপরাধে পিতা জেলহাজতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রতনপুর গ্রামের ব্যবসায়ী মোস্তফা শেখ তাঁর ছেলের অপরাধে ২০ দিন ধরে জেলে আছেন বলে অভিযোগ পাওয়া গেছে।পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশের পোশাক পরে, হাতে ওয়্যারলেস নিয়ে একদল ডাকাত গত ২৫ জুলাই রাত সাড়ে ১২টার দিকে উত্তরা এলাকায় একটি রডভর্তি ট্রাক আটক করে। পরে ট্রাকের চালক ও সহযোগীকে পুলিশ পরিচয় দিয়ে তাঁদের মালের কাগজপত্র দেখাতে বলে। এতে ট্রাকের চালক অস্বীকার করলে চালক ও সহযোগীকে অস্ত্রের মুখে ভয় দেখিয়ে ট্রাক থেকে নামিয়ে একটি মাইক্রোবাসে হাত-পা বেঁধে ফেলে রাখে। ডাকাত সদস্যরা ট্রাক নিয়ে আশুলিয়ার দিকে রওনা দেয়। সেখানে চালক ও সহযোগীকে ফেলে ডাকাতেরা ট্রাক নিয়ে পালিয়ে যায়। পরে ডাকাত সদস্যরা কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজারে নিয়ে সফিপুর স্টিল হাউসের মালিক সুমন মিয়া (৩২) ও আবদুল রবের (৩৫) কাছে তা বিক্রি করে দেয়। পুলিশ খবর পেয়ে সফিপুর এলাকায় অভিযান চালিয়ে লুণ্ঠিত মালামাল ও আকাশ (৩০) ও নাজমুল হোসেন (২৭) নামের দুই ডাকাত সদস্যকে গ্রেপ্তার করে। এ সময় অন্যরা পালিয়ে যায়।এ ব্যাপারে শহিদুল ইসলাম বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা করেন। মামলার পর পুলিশ ডাকাতির মালের ক্রেতা সুমনকে না পেয়ে তাঁর পিতা মোস্তফা শেখকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর মোস্তফাকে পরপর দুবার রিমান্ডে আনা হয়েছে।ব্যবসায়ী মোস্তফার পরিবার জানায়, ডাকাতির মালামালের সঙ্গে সুমনের পিতা মোস্তফার কোনো সম্পর্ক নেই, এমনকি এজাহারেও তাঁর কোনো নাম নেই। তার পরও পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। ২০ দিন ধরে তিনি জেলহাজতে রয়েছেন।সফিপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুল হালিম জানান, মোস্তফা সফিপুর বাজারে দীর্ঘদিন ধরে সততার সঙ্গে ব্যবসা করে আসছেন। তাঁর ছেলে সুমন বখাটে ও মাদকাসক্ত। তাই ছেলে সুমনের অপরাধের জন্য পিতা মোস্তফার জেলহাজতে থাকাটা অমানবিক।কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন জানান, ‘আমরাও প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি, সে অপরাধের সঙ্গে জড়িত নয়। কিন্তু তাঁদের দোকান থেকে মালগুলো উদ্ধার হওয়ায় এবং ছেলে সুমন পলাতক থাকায় পিতা মোস্তফাকে গ্রেপ্তার করা হয়েছে।’