ছেলের অপেক্ষায় থাকা বাবার ফোনে আসে লাশ উদ্ধারের খবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালয়েশিয়া থেকে দেশে ফিরেই খুন হওয়া শফিকুল ইসলামের লাশ গতকাল বুধবার বিকেলে তাঁর নিজ বাড়ি সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের চর-মাইঝাইল গ্রামে পৌঁছালে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। সন্ধ্যায় লাশ দাফন করা হয়েছে।
নিহত শফিকুলের স্বজনদের সূত্রে জানা যায়, শফিকুল ইসলাম ২০০৭ সালে মালয়েশিয়া যান। সেখানে মালয়েশিয়ান নারী সবজি ব্যবসায়ী সিতি হ্যাজার বিনতের মালিকানাধীন ফার্মে চাকরি নেন। পরে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০১৫ সালে তাঁরা বিয়ে করেন। শফিকুল তাঁর স্ত্রীকে নিয়ে মাস চারেক আগে বাবা, মা ও স্বজনদের সঙ্গে দেখা করে মালয়েশিয়া ফিরে যান। স্ত্রীর কাগজপত্র ঠিকঠাক করার জন্য গত সোমবার রাত ১১টায় বিমানযোগে ঢাকায় আসেন। সেখান থেকে বাবা ও স্বজনদের সঙ্গে মুঠোফোনে কথাও বলেন।
পরে তিনি বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে রাত তিনটার ট্রেনযোগে সিরাজগঞ্জে রওনা হন। পরদিন মঙ্গলবার সকালে গাজীপুর জেলার শ্রীপুর থানার হায়দারাবাদ এলাকায় রেললাইনের পাশ থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। এ সময় লাশের পাশে পড়ে থাকা একটি ব্যাগ থেকে শফিকুল ও তাঁর স্ত্রীর পাসপোর্ট পুলিশ উদ্ধার করে।
নিহত শফিকুলের বাবা আলতাফ হোসেন কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘ছেলের ফোন পেয়ে আমরা সবাই ভোররাতেই সিরাজগঞ্জের সদানন্দপুর শহীদ এম মনসুর আলী রেলওয়ে স্টেশনে গিয়ে অপেক্ষা করতে থাকি। কিন্তু ট্রেন চলে গেলেও ছেলে নামেনি। এরপর থেকে আমরা তাকে আর মুঠোফোনেও পাইনি। পরে সকাল আটটার দিকে আমার ফোনে ছেলের লাশ উদ্ধারের ফোন আসে।’
সয়দবাদ ইউনিয়নের চেয়ারম্যান নবীদুল ইসলাম জানান, মালয়েশিয়ায় বিয়ে করায় শফিকুলের কাছে অনেক টাকাপয়সা ছিল—এমন ধারণা থেকে আগে থেকেই তাঁর পেছনে দুর্বৃত্তরা লেগে ছিল বলে ধারণা করা হচ্ছে। ট্রেনে আসার সময় ওই চক্রের লোকজনই সবকিছু ছিনিয়ে তাঁকে হত্যা করে ট্রেন থেকে ফেলে দেয়।
সিরাজগঞ্জ সদর থানার ওসি হেলাল উদ্দীন জানান, এ ঘটনায় শ্রীপুর থানায় একটি মামলা করা হয়েছে।