ছেলের অস্বাভাবিক মৃত্যু স্বপ্ন গুঁড়িয়ে দিল বাবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী নিহত মোতালেব হোসেন ওরফে লিপুর ঝিনাইদহের বাড়িতে চলছে মাতম। বাবার স্বপ্ন ছিল ছেলে লেখাপড়া শেষ করে পরিবারের হাল ধরবেন। ছেলের আকস্মিক অস্বাভাবিক মৃত্যু সেই স্বপ্ন গুঁড়িয়ে দিয়েছে।
এদিকে দুর্গাপূজার ছুটিতে গ্রামের বাড়িতে থাকার সময় মোতালেব হোসেনকে খানিকটা চিন্তিত ও বিষণ্ন মনে হয়েছিল বলে গ্রামের পরিচিত কয়েকজন জানিয়েছেন। মোতালেবকে মোবাইল ফোনে কারও সঙ্গে কয়েকবার তর্ক করতে শোনা গেছে বলেও জানিয়েছেন তাঁরা।
ঝিনাইদহের হরিণাকুণ্ডুর মকিমপুর গ্রামে মোতালেবের বাড়ি। গত বৃহস্পতিবার সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবাব আবদুল লতিফ হলের পাশের ড্রেনে তাঁর মৃতদেহ পাওয়া যায়। সন্দেহ করা হচ্ছে, এটি হত্যাকাণ্ড।
স্থানীয় লোকজন জানান, তিন ভাইবোনের মধ্যে সবার বড় মোতালেব। বোন উচ্চমাধ্যমিকের ছাত্রী। ছোট ভাইয়ের বয়স চার বছর। দরিদ্র বাবা বদর উদ্দিন মাটি টানার গাড়ি চালিয়ে সংসার চালান। তাঁর স্বপ্ন ছিল ছেলে একসময় পরিবারের হাল ধরবেন।
পরিবারের সদস্যরা বলেন, মোতালেব বিশ্ববিদ্যালয়ে কোনো রাজনীতি করতেন না। তবে গ্রামের লোকজন বলেন, দুর্গাপূজার ছুটিতে বাড়িতে গিয়ে মোতালেব প্রায়ই মুঠোফোনে কারও সঙ্গে উত্তেজিত হয়ে কথা বলতেন।
গ্রামের বাসিন্দা মিনারুল ইসলাম বলেন, একদিন মোতালেব তাঁর পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় তাঁকে মোবাইলে উত্তেজিত কণ্ঠে বলতে শোনা যায়, ‘আমি বিশ্ববিদ্যালয়ে আসছি। দেখি, তোরা কী করতে পারিস।’
মোতালেব হোসেনকে বৃহস্পতিবার রাত একটার দিকে গ্রামের কবরস্থানে দাফন করা হয়।