ছেলের আবদার রেখে এখন বাবার আক্ষেপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবদার করে বাবার কাছ থেকে তাঁর মুঠোফোনটি চেয়ে নিয়েছিল ১০ বছরের শিশু শুভ। তার বাবা কাউছার মিয়া এখন আক্ষেপ করছেন, ছেলের ওই আবদার না রাখলেই ভালো হতো।

মুঠোফোনে চলন্ত ট্রেনের ভিডিও ধারণ করার সময় গত রোববার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাদুঘর এলাকায় ট্রেনে কাটা পড়ে মারা যায় শুভসহ তিন শিশু। নিহত অপর দুই শিশু হলো পারভেজ মিয়া (১২) ও মোনায়েম হোসেন (১২)।

ঘটনায় শেষ মুহূর্তে রেললাইন থেকে লাফিয়ে প্রাণে বাঁচে আপন হাসান। সে পৌর শহরের বিরাসার এলাকার নান্নু মিয়ার ছেলে ও নিহত মোনায়েমের মামাতো ভাই। গতকাল সোমবার আপনদের বাড়ি গিয়ে কথা হয় তার সঙ্গে। সে বলে, ‘মোনায়েমকে নিয়ে রেললাইনে ঘুরতে গিয়েছিলাম। সেখানে বাকি দুজনের সঙ্গে দেখা হয়। ট্রেন আসার শব্দ শুনে আমি চলে যেতে চেয়েছিলাম। কিন্তু একজন বলে ১৫ মিনিট পরে যাবে। শুভ আর পারভেজ কানে হেডফোন লাগিয়ে সোনার বাংলা ট্রেনের ভিডিও করছিল। বিপরীত দিকে থেকে আরেকটা ট্রেন আসছিল। তা দেখে রেললাইন থেকে লাফিয়ে পড়ি আমি। মোনায়েমকেও ডাক দিয়েছিলাম। সে সরতে পারে নাই।’

নিহত পারভেজের বাড়ি ভাদুঘরের ভূঁইয়াপাড়ায়। বাড়িতে গিয়ে দেখা যায়, তার বাবা আনিছ মিয়া ছেলের বইগুলো হাতে নিয়ে বিলাপ করছেন। আর ঘরের মধ্যে ছেলের কাপড় হাতে নিয়ে নির্বাক শুয়ে আছেন মা ইয়াসমিন বেগম। নিহত মোনায়েমের বাড়িতেও শোকের ছায়া।