ছেলের কবরে মাটি দিতে পারলেন না বাবা
ছেলের মৃত্যুর খবর শুনে ভোররাতে তড়িঘড়ি কর্মস্থল থেকে বাসায় রওনা হয়েছিলেন এস এ বারী (৪২)। কিন্তু পথে অশ্রুসিক্ত সেই বাবার পেটে ছুরি মেরে টাকা-মোবাইল ফোন নিয়ে গেছে ছিনতাইকারীরা। তিনি এখন অচেতন হয়ে পড়ে আছেন হাসপাতালে। ছেলেকে শেষবারের মতো দেখতে পারলেন না তিনি। ছেলের কবরে পড়েনি বাবার হাতের মাটি।সূত্র জানায়, এস এ বারী স্ত্রী ও দুই সন্তান নিয়ে যাত্রাবাড়ীর দনিয়া বাজারের ২৮২ নম্বর বাসায় থাকেন। তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার ৪২০/এ অ্যাপেক্স পলিমার করপোরশেন লিমিটেডের সুপারভাইজার হিসেবে কাজ করেন তিনি। গত বুধবার তাঁর রাতে ডিউটি ছিল। গতকাল বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে স্ত্রী ফোন করে বড় ছেলে নাজিব আনজুম সামির (৭) মৃত্যুর খবর জানান। শোকাহত পিতা তড়িঘড়ি কারখানা থেকে বের হয়ে বাসার উদ্দেশ্যে রওনা দেন। তেজগাঁও ফ্লাইওভারের নিচে এলে তিন যুবক তাঁর গতিরোধ করে। পেটে ছুরি মেরে তাঁর কাছ থেকে মুঠোফোন ও টাকা ছিনিয়ে নেয়। বারী পেট চেপে ধরে আবার কারখানায় ফিরে যান এবং জ্ঞান হারিয়ে ফেলেন। কারখানার কর্মচারীরা তাঁকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বারীর স্ত্রী লাভলী আক্তার প্রথম আলোকে জানান, তাঁদের দুই সন্তান। নাজিব গতকাল ভোররাতে গুরুতর অসুস্থ হয়ে পড়ে এবং মারা যায়। তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।