ছেলের কবরের পাশে সময় কাটে মায়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মোরা রাজনিতিক করি না। রাজনিতিক বুঝি না। মোরা কাম কইররা পেট চালাই। রাজনিতিকের লাইগ্যা মোগো কেন পরান যাইবে? না খাইয়া থাহি। কই, কেউ তো দেহে না।’
ছেলে আবুল কালামের কবরের পাশে এভাবেই বিলাপ করে কাঁদছিলেন বৃদ্ধা মা সাফিয়া বেগম (৬৫)। হরতাল-অবরোধের মধ্যে গত ৯ জানুয়ারি ঢাকায় দুর্বৃত্তের পেট্রলবোমা হামলায় দগ্ধ হয়ে পরে মারা যান সাফিয়ার এই প্রাণের ধন। প্রাইভেট কারের চালক ছিলেন তিনি।
গতকাল শুক্রবার সকালে আগৈলঝাড়ার প্রত্যন্ত রাংতা গ্রামে আবুল কালামের বাড়ি গিয়ে দেখা যায়, জীর্ণশীর্ণ ঘর। কালামের মা কোথায় জানতে চাইলে বাড়ির লোকজন একটি কবরের পাশে নিয়ে যান। গিয়ে দেখা যায়, মা সাফিয়া বেগম চোখের পানিতে বুক ভাসাচ্ছেন। কালামের কথা তুলতেই বিলাপ করে বলেন, ‘কালুর (কালাম) বাবায় মোরে সাগরে হালাইয়া চিরদিনের লাইগ্যা চইললা গ্যাছে। খাইয়া না-খাইয়া কোলায় (জমিতে) দিনমজুরের কাম কইররা অগো দুবেলা দুমুঠো ভাত খাওয়াইয়া বড় করছি। টাহার অভাবে অগো লেহাপড়া করাইতে পারি নাই। যহন আশায় বুক বানছি, তহন মোর বাবায় মোরা ছাইররা চইললা গ্যাছে।’
পরিবারের সদস্যরা জানান, কালাম নিহত হওয়ার পর তিন মাস কেটে গেছে। তাঁরা এখনো কোনো সাহায্য-সহযোগিতা পাননি। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে তাঁদের মানবেতর জীবন কাটছে এখন।
গ্রামের মৃত আবদুল হক হাওলাদারের ছেলে আবুল কালামের আয়েই চলত সাত সদস্যের সংসার। ৯ জানুয়ারি রাজধানীর মগবাজারে দুর্বৃত্তের ছোড়া পেট্রলবোমায় দগ্ধ হন তিনি। সাত দিন মৃত্যুর সঙ্গে লড়ে মারা যান কালাম।
মা সাফিয়া বেগম জানান, ২০০৭ সালে তাঁর দিনমজুর স্বামী মারা যান। স্বামীর মৃত্যুর পর নিজেই দিনমজুরের কাজ করে সংসার চালাতেন। অর্থাভাবে সন্তানদের লেখাপড়া করাতে পারেননি। একপর্যায়ে ছেলে আবুল কালাম ঢাকায় গিয়ে গাড়ি চালানো শিখে চাকরি নেয়।
সাফিয়া বলেন, ‘মোর বাপজানে চাকরি নেওয়ার পর কইত, “মা, তোমার আর কষ্ট করতে অইব না। মুই কাম কইররা তোমার কষ্ট দূর করমু’।’
পরিবারের অন্য সদস্যরা জানান, আবুল কালাম নিহত হওয়ার পর তাঁর দাফনের জন্য চার হাজার টাকা পেয়েছেন। আর সহযোগিতা পাননি।
রাজিহার ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ড সদস্য মো. আলাউদ্দিন জানান, অসহায় পরিবারটির পাশে কেউই দাঁড়াননি। গত ১৩ ফেব্রুয়ারি সাফিয়া বেগম প্রধানমন্ত্রীর কাছে সহায়তার জন্য আবেদন জানিয়েছেন। কোনো সাড়া মেলেনি।