ছেলের খবর না জেনেই চলে গেলেন বাবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক বছর ধরে নিখোঁজ লাকসাম পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির পারভেজের কোনো খবর না জেনেই মারা গেছেন তাঁর বৃদ্ধ বাবা রংগু মিয়া।

আজ রোববার ভোর চারটার দিকে লাকসাম পৌর এলাকার ফতেহপুর নিজ বাসভবনে তিনি মারা যান। তাঁর ছেলে লাকসাম পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির পারভেজ এক বছর ধরে নিখোঁজ। পরিবারের দাবি, র‌্যাবের একদল সদস্য তাঁকে গুম করে নিয়ে গেছেন।

নিখোঁজ হুমায়ুনের ছোট ভাই গোলাম ফারুকের ভাষ্য, ২০১৩ সালের ২৭ নভেম্বর রাত ৯টা থেকে ১১টার মধ্যে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার হরিশ্চর এলাকা থেকে লাকসাম উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ সাইফুল ইসলাম হিরু ও পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির পারভেজকে গুম করে র‌্যাব। অ্যাম্বুলেন্স থামিয়ে তাঁদের নিয়ে যাওয়া হয়। এরপর থেকে তাঁদের আর হদিস মেলেনি।

গোলাম ফারুক আরও বলেন, এ ঘটনায় পর থেকে ৭৮ বছর বয়সী রংগু মিয়া ভেঙে পড়েন। বড় ছেলেকে হারিয়ে তিনি সারা রাতই কাঁদতেন।

চলতি বছরের ১৮ মে কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক হাকিম সাবরিনা নার্গিসের আদালতে রংগু মিয়া র‌্যাব-১১-এর চার কর্মকর্তার বিরুদ্ধে হত্যাসহ কয়েকটি ধারায় মামলা করেন। মামলায় র‌্যাব-১১-এর সাবেক পরিচালক তারেক সাঈদ মোহাম্মাদ, কুমিল্লার অধিনায়ক শাহেদ হাসান রাজী, র‌্যাবের ডিএডি কাজী সুলতান আহমেদ ও উপপরিদর্শক (এসআই) অসিত কুমার রায়কে আসামি করা হয়। আদালতের নির্দেশনা অনুযায়ী লাকসাম থানার পুলিশকে তদন্ত করে ওই মামলার প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু এখন পর্যন্ত আদালতে কোনো প্রতিবেদন দেওয়া হয়নি বলে দাবি করেছেন গোলাম ফারুক।

এ ব্যাপারে লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরীর মুঠোফোনে একাধিকবার ফোন করা হয়েছে। তবে তাঁকে পাওয়া যায়নি।