ছেলের খুনীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি
মৌলভীবাজারে কিশোর নাদিম হোসেন অনিকের হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানিয়েছেন তার বাবা ও মা। গতকাল রোববার দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নাদিম হোসেনের বাবা আবুল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন নাদিমের মা নিপা বেগম, বড় ভাই জাকির হোসেন ও কয়েকজন আত্মীয়।
লিখিত বক্তব্যে আবুল হোসেন বলেন, গত ১৬ জানুয়ারি রাত আটটার দিকে শাহ মোস্তফার (র.) ওরস ও মেলার দিন মৌলভীবাজার শহরের বেরিরপাড় এলাকায় দশম শ্রেণিতে পড়ুয়া নাদিম হোসেনকে সন্ত্রাসীরা ছুরিকাঘাতে হত্যা করে। এর দুই দিন আগে ১৪ জানুয়ারি মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরে মাছের মেলায় ইমন নামের একজনের সঙ্গে কথা-কাটাকাটির জের ধরে এই হত্যাকাণ্ড ঘটে। ইমন ও নাদিম মৌলভীবাজার শহরের বেরিরচরের একই এলাকার বাসিন্দা। এ ঘটনায় আবুল হোসেন বাদী হয়ে ইমনসহ চারজনের নাম উল্লেখ করে মৌলভীবাজার সদর মডেল থানায় মামলা করেন। ঘটনার পর প্রায় এক মাস হয়ে গেছে। এখনো আসামিদের কাউকে গ্রেপ্তার করা হয়নি। আসামিরা শহরে প্রকাশ্যে ঘোরাঘুরি করছেন এবং পরিবারের সদস্যদের হুমকি-ধমকি দিচ্ছেন। নাদিমের মা ছেলের কথা বলতে গিয়ে বারবার কান্নায় ভেঙে পড়েন।
সদর মডেল থানার ওসি মো. আবদুছ ছালেক গতকাল বলেন, ‘আসামিদের ধরার চেষ্টা চলছে।’