ছেলের চিকিৎসার জন্য সাহায্য চাইতে গিয়ে প্রতারকের খপ্পরে
ছেলে জুন্টু দাশের (২২) দুটি কিডনিই নষ্ট। এক মাস ধরে সপ্তাহে দুই দিন তাঁর ডায়ালোসিস চলছে। কিন্তু রিকশাচালক বাবা বাবুল দাশের পক্ষে সপ্তাহে দুই দিন ছেলের ডায়ালোসিস বাবদ ২০ হাজার টাকা খরচ করার সামর্থ্য নেই।তাই জুন্টুর মা পুষ্পা রানী দাশ ছেলের চিকিৎসার সাহায্যের জন্য দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন। তাঁদের এই দৈন্যদশার সুযোগ নিয়েছে সাকের মাহফুজ নামের এক প্রতারক। পত্রিকায় কম টাকা দিয়ে সাহায্যের আবেদন ছাপিয়ে দেবে বলে পুষ্পার কাছ থেকে নগদ দেড় হাজার টাকা ও মোবাইল ফোনসেট নিয়ে পালিয়েছে সে। গত বৃহস্পতিবার বিজয় মেলায় ছেলের চিকিৎসার জন্য আর্থিক সাহায্য চাওয়ার সময় পুষ্পা এই প্রতারকের খপ্পরে পড়েন।পুষ্পা দাশ জানান, ‘গত অক্টোবরে আমার ছেলের প্রথম দুটি কিডনি নষ্ট হওয়ার খবর শুনে আমাদের মাথায় আকাশ ভেঙে পড়ে। এরপর বিভিন্নজনের কাছ থেকে সাহায্য-সহযোগিতা নিয়ে চিকিৎসা চালিয়ে যাচ্ছি। কিডনি প্রতিস্থাপনের জন্য ২০ লাখ টাকা প্রয়োজন বলে ভারতের মাদ্রাজের চিকিৎসকেরা জানিয়েছেন।’জানা গেছে, বিজয় মেলায় একটি বাক্স নিয়ে বসে সাহায্যের আবেদন জানিয়ে প্রায় ১০ হাজার টাকা পান পুষ্পা। কিন্তু গত বৃহস্পতিবার একটি প্রতিবন্ধী ছেলে এসে নিজেকে একটি জাতীয় দৈনিকের সহ-সম্পাদক পরিচয় দিয়ে প্রথম আলোয় সাহায্যের আবেদন ছাপিয়ে দেবে বলে জানায়। এ জন্য তাঁর কাছ থেকে দেড় হাজার টাকা নেয়। পরে কৌশলে তাঁর মোবাইল ফোনসেটটিও নিয়ে যায়।পুষ্পা দাশ বিত্তবানদের কাছে তাঁর ছেলের চিকিৎসার জন্য সাহায্যের আবেদন জানান। সাহায্য পাঠানোর ঠিকানা: পুষ্পা দাশ, হিসাব নম্বর: ১৫৯৭৭/৯ জনতা ব্যাংক, চকবাজার শাখা, চট্টগ্রাম।