ছেলের ছিনতাইয়ের টাকা ফেরত দিলেন নেতা
ছেলে খাজা মাইনুদ্দিনের ছিনিয়ে নেওয়া ৯০ হাজার টাকা চাঁদপুরের হাজীগঞ্জ থানায় জমা দিয়েছেন তাঁর বাবা আলী মর্তুজা। গত মঙ্গলবার রাতে আলী মর্তুজা ছেলের ছিনিয়ে নেওয়া ওই টাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলমের কাছে জমা দেন।
জানা গেছে, আলী মর্তুজা জেলার কচুয়া উপজেলার কাদলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি।
গতকাল বুধবার ‘এটিএম কার্ড ছিনিয়ে টাকা উত্তোলন, আওয়ামী লীগ নেতার ছেলে গ্রেপ্তার’ শিরোনামে প্রথম আলোর ১৭ পৃষ্ঠায় একটি সংবাদ প্রকাশিত হয়।
পুলিশ জানায়, গত ২৬ মার্চ হাজীগঞ্জ থেকে খাজা মাইনুদ্দিন কয়েকজন সঙ্গী নিয়ে জাকির হোসেন নামের এক প্রবাসীকে আটকে তাঁর এটিএম কার্ড ছিনিয়ে নেন। এ ছাড়া তাঁরা জাকিরের সঙ্গে থাকা ১০ হাজার টাকা ও একটি মুঠোফোন সেটও ছিনিয়ে নেন। পরে ওই দিনই তাঁরা এটিএম কার্ড দিয়ে বুথ থেকে আরও ৮০ হাজার টাকা তোলেন। এ ঘটনায় জাকির অজ্ঞাতপরিচয় চারজনকে আসামি করে ওই দিন থানায় একটি মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন বুথের ভিডিও ক্যামেরা থেকে ফুটেজ সংগ্রহ করে খাজাকে শনাক্ত করেন। গত মঙ্গলবার তাঁকে কচুয়ার বড়ইগাঁও গ্রাম থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
জাকির বলেন, ‘পুলিশের তৎপরতায় দ্রুত আমার টাকাগুলো উদ্ধার হয়েছে।’
হাজীগঞ্জ থানার ওসি শাহ আলম বলেন, ‘বাদীর ভাগ্য ভালো। খাজার বাবা মঙ্গলবার রাতেই আমার কাছে ৯০ হাজার টাকা জমা দিয়েছেন। আমরা আদালতে প্রতিবেদন পাঠিয়েছি। আদালত থেকে নির্দেশনা পেলে বাদীকে টাকা বুঝিয়ে দেওয়া হবে।’