ছেলের ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় জমি না পেয়ে এক ব্যক্তি বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বুধাইরকান্দিতে গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম দানেশ মিয়া (৬৫)। এ ঘটনার পর থেকে ছেলে বিল্লাল হোসেন পলাতক রয়েছেন। তবে বিল্লালের স্ত্রী বেবি আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত দানেশের বড় মেয়ে আয়েশা বেগম (৪০) বলেন, ‘আমার ভাই বিল্লাল দুবাই থেকে এক মাস আগে দেশে আসে। সে আসার পর থেকেই বাবারে তার নামে জমি লেইখ্যা দিতে চাপ দিছে।’ খবর শুনে পুলিশের কয়েকজন সদস্য নিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন।বাঞ্ছারামপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান তালুকদার বলেন, এ ঘটনায় আয়েশা বাদী হয়ে বিল্লাহ ও বেবিকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন। ধারণা করা হচ্ছে, জমি নিয়ে বিরোধের জের ধরেই ছেলের ছুরিকাঘাতে বাবা খুন হয়েছেন।