ছেলের ছুরিকাঘাতে বাবা খুন
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কাইমপুর ইউনিয়নের ঝিকড়া গ্রামে বখাটে ছেলের উপর্যুপরি ছুরিকাঘাতে খুন হলেন বাবা শাহ আলম (৫০)। গতকাল রোববার ভোরে তাঁদের বাড়ির পাশের জমিতে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে গতকাল সকালে কসবা থানার পুলিশ নিহত ব্যক্তির লাশ উদ্ধার করেছে। লাশের প্রাথমিক সুরতহাল করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মা নূরজাহান বেগম বাদী হয়ে বখাটে ছেলে আলাউদ্দিনের (২৫) বিরুদ্ধে কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানায় হত্যা মামলা দায়ের করেছেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কসবা উপজেলার কাইমপুর ইউনিয়নের ঝিকড়া গ্রামের শাহ আলম মিয়া মাছের ব্যবসা করেন। তিনি এলাকা থেকে মাছ কিনে কুমিল্লায় নিয়ে বিক্রি করেন। গতকাল ভোরে মাছ কেনার জন্য চান্দলা যাওয়ার পথে তাঁদের বাড়ির পাশের জমিতে ছেলে আলাউদ্দিন মিয়া তাঁর বাবাকে উপর্যুপরি ছুরিকাঘাত করেন। এ সময় শাহ আলমের চিৎকারে লোকজন ঘটনাস্থলে এলে আলাউদ্দিন দৌড়ে পালিয়ে যান। পরে গুরুতর অবস্থায় কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত্যু ঘোষণা করেন।