ছেলের ছোরার আঘাতে আহত মায়ের মৃত্যু
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ছেলে আবদুল কাইয়ুমের (২৬) ছোরার আঘাতে গুরুতর আহত আম্বিয়া খাতুন (৪৫) নামের এক নারী গতকাল রোববার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মাকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত মেয়ে হালিমা আক্তার এখনো চিকিৎসাধীন। কাইয়ুমকে আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে।পুলিশ ও এলাকাবাসী সূত্রের বিবরণ অনুযায়ী, নান্দাইল উপজেলার রসুলপুর এলাকার আবদুল কাদিরের ছেলে কাইয়ুম গত ২৯ জুন (শুক্রবার) দুপুরে মা আম্বিয়া খাতুনের কাছে কিছু টাকা চান। মা টাকা দিতে রাজি না হওয়ায় খেপে যান কাইয়ুম। মায়ের সঙ্গে বাগিবতণ্ডার একপর্যায়ে ঘরে থাকা ছোরা দিয়ে আম্বিয়া খাতুনের পেট, পিঠ ও কোমরে উপর্যুপরি আঘাত করেন তিনি। মায়ের চিৎকারে ছোট বোন হালিমা এগিয়ে এলে তাঁকেও ছুরিকাঘাত করেন কাইয়ুম। গুরুতর আহত মা ও মেয়েকে প্রথমে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে অবস্থার অবনতি হলে দুজনকেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গতকাল সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আম্বিয়া খাতুন মারা যান।