ছেলের দাবি, গোলাম আযম ‘অসাম্প্রদায়িক’
জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের ছেলে সাবেক সেনা কর্মকর্তা আবদুল্লাহহিল আমান আযমী দাবি করেছেন, তাঁর বাবা অসাম্প্রদায়িক। তিনি আরও বলেছেন, একাত্তরে গোলাম আযম ‘দেশপ্রেমিক’ বলতে পাকিস্তানের অখণ্ডতায় বিশ্বাসীদের বুঝিয়েছেন।বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গতকাল মঙ্গলবার দেওয়া জবানবন্দিতে আযমী এ দাবি করেন। গতকালসহ পাঁচ দিনে তিনি প্রায় ১৩ ঘণ্টা জবানবন্দি দিয়েছেন।২০০৯ সালে সেনাবাহিনী থেকে বরখাস্ত হওয়া আযমী গতকাল জবানবন্দিতে বলেন, একাত্তরে গোলাম আযম কোনো ধর্ম, বর্ণ, গোত্র, গোষ্ঠী, ব্যক্তি বা দলের বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করে কোনো বক্তব্য দেননি। তিনি অসাম্প্রদায়িক, সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। মুক্তিযুদ্ধের সময় তিনি কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে বক্তব্য রেখেছেন বা কর্মকাণ্ড করেছেন, তার কোনো নজির নেই।তবে এই মামলায় রাষ্ট্রপক্ষের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ অনুসারে, একাত্তরের ১৬ জুলাই রাজশাহীর মিউনিসিপ্যাল হলে রাজশাহী শান্তি কমিটির চেয়ারম্যান আইনুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সুধী সমাবেশে গোলাম আযম বলেন, ‘হিন্দুরা মুসলমানের বন্ধু—এরূপ প্রমাণ করার মতো কোনো দলিল নেই। তারা চিরদিনই মুসলমানের সঙ্গে দুশমনি করে এসেছে। বাঙালি-অবাঙালি প্রশ্ন তুলে মুসলমানে-মুসলমানে বিভেদ সৃষ্টি করার কৃতিত্ব হিন্দুদের।’ এ ছাড়া একাত্তরের ৪ আগস্ট খুলনার মিউনিসিপ্যাল হলে স্থানীয় জামায়াতের আমির আবদুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মিসভায় বঙ্গবন্ধু ও তাঁর অনুসারীদের সমালোচনা করে গোলাম আযম বলেন, ‘ছয় দফার আড়ালে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন শুরু করার মাধ্যমে তারা পূর্ব পাকিস্তানের জনগণকে বিপথে পরিচালিত করছে।’ ৭ আগস্ট কুষ্টিয়া গণগ্রন্থাগারের ময়দানে শান্তি কমিটির জনসভায় তিনি বলেন, ‘শেখ মুজিব ও বেআইনি ঘোষিত আওয়ামী লীগ ভারতের সঙ্গে আঁতাত করে এ অঞ্চলের জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।’ গোলাম আযমের এসব বক্তব্যসমেত প্রতিবেদন জামায়াতের মুখপত্র সংগ্রামসহ তখনকার অন্যান্য সংবাদপত্রে ছাপা হয়। রাষ্ট্রপক্ষ এসব প্রতিবেদনের অনুলিপি ট্রাইব্যুনালে নথি হিসেবে দাখিল করেছে।জবানবন্দিতে আযমী আরও দাবি করেন, একাত্তরে গোলাম আযমের বক্তব্য বা বিবৃতির কারণে পাকিস্তানি সেনা ও তাদের সহযোগী বাহিনী প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মানবতাবিরোধী অপরাধ করেছে, এ ধরনের কোনো প্রমাণ নেই। তিনি ‘দেশপ্রেমিক’ বলতে পাকিস্তানের অখণ্ডতায় বিশ্বাসীদের বুঝিয়েছেন। তিনি শান্তিপ্রিয়, নিরীহ, নিরস্ত্র কোনো মানুষের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন, এমন কোনো প্রমাণ নেই।রাষ্ট্রপক্ষ মামলায় অভিযোগ করেছে, একাত্তর সালে গোলাম আযম দেশের বিভিন্ন স্থানে বক্তব্য-বিবৃতিতে পাকিস্তানি সেনা, রাজাকার ও আলবদরদের ‘দেশপ্রেমিক’ উল্লেখ করে তাদের মানবতাবিরোধী অপরাধে উৎসাহিত করেছেন ও উসকানি দিয়েছেন।গোলাম আযমের ছেলের দাবি, তাঁর বাবার বিরুদ্ধে পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার কমিটি গঠনের অভিযোগ কাল্পনিক, মিথ্যা ও ভিত্তিহীন।জবানবন্দিতে আসামিপক্ষের প্রথম সাক্ষী আযমী বলেন, ‘গোলাম আযম মুক্তিযুদ্ধকালে কোনো ধরনের মানবতাবিরোধী অপরাধের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। আমি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে দাবি করতে চাই, তাঁর বিরুদ্ধে এই ট্রাইব্যুনালে আনা সব অভিযোগ মনগড়া, কাল্পনিক, ভিত্তিহীন, বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত। কেবল রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য এবং রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য।’ তিনি মন্তব্য করেন গোলাম আযম প্রকৃতপক্ষেই যুদ্ধাপরাধী হলে আওয়ামী লীগের আগের মেয়াদে তাঁর বিচার করা স্বাভাবিক ছিল।আসামিপক্ষের সাক্ষী আরও বলেন, ১৯৯১ সালের সংসদ নির্বাচনে জামায়াত যখন ১৮টি আসনে জয়ী হয়েছিল, তখন গোলাম আযম দলটির আমির। তিনি দাবি করেন, ওই সময় আওয়ামী লীগ সরকার গঠনের জন্য জামায়াতকে দুজন মন্ত্রী, দুজন প্রতিমন্ত্রী ও সংসদের সাতটি সংরক্ষিত আসন দেওয়ার প্রস্তাব করেছিল। আযমী বলেন, গোলাম আযম যুদ্ধাপরাধী হয়ে থাকলে তাঁর দলের কাছে এ ধরনের প্রস্তাব বিস্ময়কর।বিকেলে আযমী তাঁর জবানবন্দিতে গোলাম আযমের বিরুদ্ধে অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট অংশ শেষ করেন। আজ বুধবার তিনি আসামিপক্ষের বিভিন্ন নথি প্রদর্শনী হিসেবে ট্রাইব্যুনালে দাখিল করবেন।সাঈদীর পক্ষে যুক্তি উপস্থাপন চলছে: একই ট্রাইব্যুনালে গতকাল জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় তৃতীয় দিনের মতো যুক্তি উপস্থাপন করেন আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম। যুক্তি উপস্থাপনকালে তিনি বলেন, সাঈদী বা তাঁর বাবার নামের শেষে শিকদার ছিল, এমন কোনো নথি রাষ্ট্রপক্ষ হাজির করতে পারেনি। কিন্তু রাষ্ট্রপক্ষ মামলার শুরু থেকে শেষ পর্যন্ত সাঈদীকে শিকদার বলে আখ্যায়িত করেছে। দেলোয়ার শিকদার নামে পিরোজপুরে আরেকজন ছিলেন, তাঁর বাবার নাম ছিল রসুল শিকদার।গতকাল বেলা একটা পর্যন্ত আসামিপক্ষ যুক্তি উপস্থাপন করে। আজ বুধবার তারা আবার যুক্তি উপস্থাপন করবে।