ছেলের দায়ের কোপে মা খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের কালিহাতীতে ছেলের দায়ের কোপে মা আনোয়ারা বেগম (৭০) খুন হয়েছেন। গতকাল রোববার সকালে কালিহাতী উপজেলার কোকডহরা ইউনিয়নের বলদি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আনোয়ারা বেগমের অপর ছেলে বাদী হয়ে কালিহাতী থানায় একটি হত্যা মামলা করেছেন।
কালিহাতী থানার ওসি জহিরুল ইসলাম জানান, আনোয়ারা বেগমের তিন ছেলে। দুই ছেলে একই গ্রামে পৃথক বাড়ি করে বসবাস করেন। মা আনোয়ারা বেগম ছোট ছেলে আইয়ুব আলীকে সঙ্গে নিয়ে নিজ বাড়িতে থাকেন। গতকাল সকালে ভাত রান্না নিয়ে মায়ের সঙ্গে আইয়ুব আলীর (৪০) তর্কবিতর্ক হয়। এ ঘটনায় তিনি উত্তেজিত হয়ে ঘর থেকে বঁটি এনে মায়ের ঘাড়ে কোপ দেন। এতে ঘটনাস্থলেই মায়ের মৃত্যু হয়।
বড় ভাই বেল্লাল হোসেন বাদী হয়ে আইয়ুব আলীকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে।