ফরিদপুর শহরের কমলাপুর ডিআইবি বটতলা এলাকায় ছেলের দেওয়া আগুনে দগ্ধ বাবা এ টি এম রফিকুল হুদা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার ভোরে মারা গেছেন। রফিকুলের ভগ্নিপতি আকরাম উদ্দিন বাদী হয়ে গতকাল দুপুরে রফিকুলের একমাত্র ছেলেকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন।
নতুন মডেলের মোটরসাইকেল কিনে না দেওয়ায় ১৭ বছর বয়সী ওই কিশোর গত বৃহস্পতিবার বিকেলে ঘরের ভেতর পেট্রল ঢেলে আগুন জ্বালিয়ে দেয়। এতে তার বাবা রফিকুল হুদার শরীরের ৬০ শতাংশ পুড়ে যায়। তাঁকে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি ঘটলে ওই দিনই তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়। সেখানে গতকাল ভোরে মারা যান তিনি।
রফিকুল হুদার ভাই এ টি এম সিরাজুল হুদা প্রথম আলোকে বলেন, ভোর চারটার দিকে রফিকুলকে মৃত ঘোষণা করেন বার্ন ইউনিটের চিকিৎসক পার্থ শঙ্কর পাল। ময়নাতদন্তের পর মরদেহ গতকাল বিকেলে পরিবারের কাছে হস্তান্তর করেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। রাতেই রাজধানীর আজিমপুর কবরস্থানে তাঁকে দাফন করার কথা।
রফিকুল হুদার ভগ্নিপতি আকরাম উদ্দিন আহমেদ জানান, রফিকুলের ছেলে এ বছর ফরিদপুর জিলা স্কুল থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়। তারপর সরকারি রাজেন্দ্র কলেজে ভর্তি হয়। কলেজে যাওয়ার জন্য সে তার বাবার কাছে নতুন মডেলের একটি মোটরসাইকেল দাবি করে। কিন্তু মোটরসাইকেল কিনে দিতে অস্বীকৃতি জানালে সে বাবার ওপর ক্ষুব্ধ হয়। একপর্যায়ে ঘরের মধ্যে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে রফিকুল হুদা দগ্ধ হন। তাঁর ছেলে ও স্ত্রীও সামান্য দগ্ধ হন।
সিরাজুল হুদা প্রথম আলোকে বলেন, ছেলেটি সপ্তম শ্রেণি থেকেই কিছুটা অন্য রকম হয়ে যায়। একপর্যায়ে সে মাদকাসক্ত হয়ে পড়ে। পরিবারের পক্ষ থেকে তাকে নেশামুক্ত করার বহু উদ্যোগ নেওয়া হলেও সুপথে আনা যায়নি।
ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মো. নাজিমউদ্দিন বলেন, মামলার আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।