ছেলের নম্বরপত্র তুলতে গিয়ে মা লাঞ্ছিত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে ছেলের নম্বরপত্র তুলতে গিয়ে এক মা লাঞ্ছিত হয়েছেন। গতকাল রোববার দুপুরে উজিরপুর উপজেলার আটিপাড়া এমইউ দাখিল মাদ্রাসায় এই ঘটনা ঘটে।
ওই মা অভিযোগ করেন, তাঁর ছেলে এ বছর এমইউ মাদ্রাসা থেকে দাখিল পাস করেছে। পরীক্ষার নম্বরপত্র তুলতে গেলে মাদ্রাসার অধ্যক্ষ মোবারক আলী টালবাহানা করেন। একপর্যায়ে ব্যবস্থাপনা কমিটির সদস্য মো. দেলোয়ার হোসেন নম্বরপত্র দেওয়ার জন্য ৪০০ টাকা দাবি করেন। সেই অনুযায়ী টাকাও দেওয়া হয়। গতকাল নম্বরপত্র আনতে গেলে দেলোয়ার গড়িমসি করেন। এ সময় তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে মাদ্রাসার অধ্যক্ষের নির্দেশে দেলোয়ারের ছেলে তাঁর ওপর হামলা চালায়। এতে তিনি পায়ে প্রচণ্ড ব্যথা পান। বিকেল সাড়ে চারটায় তাঁকে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
অভিযোগ অস্বীকার করে দেলোয়ার হোসেন দাবি করেন, ‘নম্বরপত্র তুলতে এলে ওই নারীকে বলেছি, গোপনে নম্বরপত্র দেওয়া হবে। এতে তিনি ক্ষিপ্ত হয়ে অধ্যক্ষকে গালাগাল দেন। এ সময় আমার ছেলে বিপ্লব তাঁকে একটা ধাক্কা দেয়। তাতে তিনি পড়ে যান।’
উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা এ কে এম সামসুদ্দিন আহম্মেদ বলেন, ওই নারীর পা ভাঙেনি। তিনি পায়ে ব্যথা পেয়েছেন।
মাদ্রাসার অধ্যক্ষ মোবারক আলী বলেন, ‘আমার নির্দেশে হামলার ঘটনা ঘটেছে, এটা সত্যি নয়। মাদ্রাসা বন্ধ থাকায় আমি সেখানে উপস্থিত ছিলাম না। শুনেছি বিপ্লব নাকি ওই নারীকে ধাক্কা দিয়েছে।’