আখাউড়া পৌর শহরের দুর্গাপুরের গুচ্ছগ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে ছেলের পর এবার খুন হলেন বাবা। নিহত ব্যক্তির নাম মাওলা আলী (৫৫)। তাঁর মৃত্যুর খবর গ্রামে ছড়িয়ে পড়লে তাঁর সমর্থকেরা প্রতিপক্ষের লোকজনের প্রায় ২০টি বাড়িঘরে অগ্নিসংযোগ করেছে। প্রত্যক্ষদর্শী ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, মাওলা আলীর ছেলে খান জাহানকে (২২) প্রতিপক্ষের লোকজন গত ১৪ জুন ঘর থেকে ধরে নিয়ে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা করেন মাওলা। মামলার অভিযুক্ত ব্যক্তিরা এত দিন পলাতক ছিলেন। উচ্চ আদালত থেকে জামিন নিয়ে তাঁরা গতকাল বৃহস্পতিবার বাড়ি ফেরেন। বিকেল চারটার পর প্রায় ৬০-৭০ জন লোক গুচ্ছগ্রামে মহড়া দেয়। পুলিশ জানায়, মহড়ার খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়। তবে মাওলার স্ত্রী শিউলী বেগম অভিযোগ করেন, পুলিশের সামনেই তাঁর স্বামীকে ধরে নিয়ে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে। পুলিশ ও গ্রামবাসী জানায়, গুচ্ছগ্রামের প্রায় ৩৫টি বাড়ির জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে মাওলা, তাঁর কয়েকজন আত্মীয় ও ৩৫ বাড়ির পরিবার এবং স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের লোকজনের মধ্যে বিরোধ চলে আসছে। এর মধ্যে মারামারির ঘটনার এক মামলায় প্রায় তিন মাস পলাতক ছিলেন মাওলা ও তাঁর ছেলে খান জাহান। গত ১৪ জুন বাবা-ছেলে জামিন নিয়ে বাড়ি এলে রাতে খান জাহানকে বাড়ি থেকে ধরে নিয়ে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে হত্যা করে। এ মামলার অভিযুক্ত ব্যক্তিরা উচ্চ আদালত থেকে জামিনে মুক্ত হয়ে গতকাল মাওলাকেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।গতকাল রাত নয়টার দিকে ওই গ্রামে গিয়ে দেখা গেছে, গুচ্ছগ্রামের প্রায় প্রতিটি ঘরেই আগুন জ্বলছে। কোনো কোনো ঘর ছাই হয়ে গেছে। কোথাও কোনো লোকজন নেই। এ ঘটনায় প্রায় ২০ জন আহত হয়েছে বলে জানা গেছে। আখাউড়া ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার মো. আক্কাস মিয়া বলেন, হামলাকারীদের বাধার কারণে তাঁরা রাত সাড়ে আটটা পর্যন্ত আগুন নেভাতে গ্রামে যেতে পারেননি। পুলিশও নিরাপদ দূরত্বে অবস্থান করছিল। রাত প্রায় সাড়ে নয়টার দিকে পুলিশ ঘটনাস্থলের দিকে অগ্রসর হয়। পরে তাঁরা গ্রামের ভেতরে প্রবেশ করেন। এর আগে বিকেলে পুলিশ তিনজনকে আটক করে। আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, অগ্নিসংযোগের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে কয়েকজন লোক চিকিৎসা নিচ্ছে। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হয়েছে কি না, এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।