ছেলের পর মারা গেলেন বাবাও
চট্টগ্রামে সিএনজিচালিত অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে ছেলের মৃত্যুর দুদিন পর বাবাও মারা গেছেন। এ নিয়ে এই দুর্ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়াল তিনে।
গত শুক্রবার বিকেলে নগরের ষোলশহর এলাকার বেবি সুপার মার্কেটের সামনে চলন্ত অবস্থায় অটোরিকশার গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলে মারা যান চালক মো. বজলু (৪৫)। গুরুতর দগ্ধ হন অটোরিকশার যাত্রী বাবা ও ছেলে। দুর্ঘটনার পর দুজনকে চমেক হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগে ভর্তি করা হয়। তাঁদের বাড়ি কক্সবাজারের টেকনাফের জাদিমুরা এলাকায়।
দুর্ঘটনায় গুরুতর দগ্ধ আবদুর রহিম (২৫) গত রোববার দুপুরে মারা যান। দুদিন পর গতকাল মঙ্গলবার আবদুর রহিমের বাবা মো. আবদুল আমিন (৫০) মারা যান।
চট্টগ্রাম মেডিকেল কলেজের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ এস খালেদ প্রথম আলোকে বলেন, চিকিৎসাধীন অবস্থায় আবদুল আমিন মারা যান। তাঁর শরীরের শতভাগ পুড়ে গিয়েছিল। এ নিয়ে দুর্ঘটনায় তিনজন মারা গেছেন।