নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় জোর করে পঞ্চম শ্রেণির স্কুলছাত্রীকে বিয়ে দেওয়ার ঘটনার আট দিন পর মামলা নিয়েছে পুলিশ। গ্রাম্য মাতব্বরেরা ওই ছাত্রীকে বিয়ে দিয়েছেন বলে অভিযোগ রয়েছে।
গত বুধবার রাতে ওই স্কুলছাত্রীর বাবাকে বন্দর থানায় ডেকে এনে মামলা নেওয়া হয়। তবে গতকাল বৃহস্পতিবার রাত ১০টায় এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ওই স্কুলছাত্রী উদ্ধার হয়নি।
মামলা সূত্রে জানা গেছে, উপজেলার একটি গ্রামের ওই ছাত্রীকে (১২) দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করছিল ধামগড় ইউনিয়নের নূর মোহাম্মদের ছেলে ইকবাল হোসেন (১৬)। গত ২৭ জুন বিকেলে ওই ছাত্রীকে বাড়ির সামনের রাস্তা থেকে তিন-চারজন তুলে নিয়ে যায়। পরে স্থানীয়ভাবে ওই স্কুলছাত্রীকে উদ্ধার করার চেষ্টা করেও ব্যর্থ হয় তার পরিবার। ওই দিন রাতেই ইকবাল, তার বাবা নুর মোহাম্মদ, মা পারভীন বেগম ও বড় ভাই ইমরানের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেন স্কুলছাত্রীর বাবা। ২৭ জুন রাতেই গ্রাম্য মাতব্বর কাবিল হোসেনসহ কয়েকজন বিয়ের জন্য স্থানীয় কাজিকে ডেকে নিয়ে আসেন। সে সময় মেয়ের বয়স ১২ বছর ও ছেলের বয়স ১৬ বছর হওয়ায় কাজি বাল্যবিবাহে অপারগতা প্রকাশ করে চলে যান। পরে গ্রাম্য মাতব্বরেরা মেয়ের বাবার বাধা উপেক্ষা করে ৩০০ টাকার স্ট্যাম্পে ৫ লাখ টাকার দেনমোহর ধার্য করে বিবাহ সম্পন্ন করে ছেলের বাড়িতে মেয়েকে পাঠিয়ে দেন। ঘটনাটি জানাজানি হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী হাবিবের নির্দেশে বুধবার রাতে স্কুলছাত্রীর বাবাকে থানায় ডেকে নেওয়া হয়। এরপর ছেলের পরিবারের বিরুদ্ধে মামলা নেওয়া হয়।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে মামলা করেছেন। ছাত্রীকে উদ্ধার ও আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রাম্য মাতবরদের আসামি না করার বিষয়ে তিনি বলেন, গ্রাম্য মাতব্বরেরা বিয়ে করিয়েছেন এমন কোনো প্রমাণ তো নেই। যদি তদন্তে তাঁদের সম্পৃক্ততা পাওয়া যায়, তাহলে তাঁদের অভিযুক্ত করা হবে।
ইউএনও মৌসুমী হাবিব বলেন, এ ঘটনায় ওই ছেলের পরিবারের বিরুদ্ধে মামলা হয়েছে। তদন্তে গ্রাম্য মাতবরদের জড়িত থাকার সম্পৃক্ততা পাওয়া গেলে তাঁরা ছাড় পাবেন না।
গতকাল প্রথম আলোয় ‘স্কুলছাত্রীকে জোর করে বিয়ে দিলেন মাতব্বরেরা’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।