ছেলের ফল মায়ের কান্না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফলাফল প্রকাশের দিন সকাল থেকেই কাঁদছিলেন উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশ নেওয়া সজীব হোসাইনের মা নাজমা বেগম। প্রতিবেশীদের কয়েকটি বাড়িতে ছেলেমেয়েরা পাস করে ফল নিয়ে ঘরে ফিরেছে। অন্যদের মতো সজীবও ফল নিয়ে বাড়িতে এসে মাকে চমকে দেবে, এমনটাই স্বপ্ন দেখতেন মা। কিন্তু তাঁর সেই স্বপ্ন সত্যি হয়নি। সজীবও ফেরেনি।
ফলাফল প্রকাশের পর সহপাঠীদের কাছে মা জানতে পান, ছেলে তাঁর পাস করেছে। পেয়েছে জিপিএ-৪। খবর শোনার পরপরই কান্নায় ভেঙে পড়েন মা।
পরিবারের সদস্যরা জানান, সজীব সিরাজগঞ্জ পৌর এলাকার মতিসাহেবের ঘাট এলাকার চায়ের দোকানদার মজনু শেখের বড় ছেলে। সে ছিল দরিদ্র বাবা-মায়ের আশা-ভরসা। সজীবের স্বপ্ন ছিল লেখাপড়া করে চাকরি করবে। বাবাকেও আর চায়ের দোকান করতে দেবে না। ভালো ফলাফলের আশায় পরিশ্রমও করেছে অনেক। কিন্তু গত ২৭ এপ্রিল ব্যবসায় শিক্ষা বিভাগের শেষ পরীক্ষায় অংশ নিয়ে বাড়ি ফেরার পথ সব স্বপ্ন ভেঙে যায় তার।
স্থানীয়রা জানান, ওই দিন পৌর এলাকার মালশাপাড়া এবং পুঠিয়াবাড়ি মহল্লার লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। সন্ধ্যায় দুই মহল্লার সংঘর্ষ থামাতে প্রায় দেড় কিলোমিটার দূরে ধানবান্ধি মতিসাহেবের ঘাট এলাকা থেকে লাঠিপেটা ও ফাঁকা গুলি ছুড়তে থাকে পুলিশ। এ সময় পরীক্ষা শেষ করে বাড়ি ফেরার পথে ওই এলাকায় পুলিশের ছোড়া গুলিতে সজীব আহত হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
সিরাজগঞ্জ শাতিয়ানতলী মোড়গ্রাম টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল সজীব। পরিবার ও স্থানীয় লোকজন পুলিশের বিরুদ্ধে হত্যার অভিযোগ তুললেও পুলিশ তা অস্বীকার করেছে। পরে এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে তৎকালীন উপপরিদর্শক (এসআই) মো. আশফাকুল ইসলামের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়। এখনো তার তদন্ত চলছে। এসআই আশফাকুলকে বদলি করা হয়েছে কাজীপুর থানায়।
নাজমা বেগম বলেন, সে সময় তাঁরা মামলা করতে চাইলেও পুলিশ করতে দেয়নি। পরে বিচার করা হবে জানিয়ে কৌশলে তাঁর স্বামীর কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর নেওয়া হয়েছে।