সিলেটে আইনজীবী বাবাকে খুন করে পালিয়ে যাওয়া মো. মাসউদ আহমদ চৌধুরী মুন্নার স্ত্রী জায়েদা খাতুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাতে নগরের নয়াসড়কের বাসা থেকে জায়েদাকে গ্রেপ্তার করা হয়।পুলিশ জানায়, আইনজীবী ‘নিখোঁজ’ হওয়ার পর বড় ছেলে মাহমুদ আহমদ চৌধুরী সিলেট কোতোয়ালি থানায় একটি মামলা করেছিলেন। এ মামলার সূত্র ধরে তিনজনকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) গত শনিবার সংবাদ সম্মেলন করে আইনজীবী শামসুল ইসলাম চৌধুরী খুন হওয়ার ঘটনা উন্মোচন করে। মামলার তদন্ত কর্মকর্তা সিলেট কোতোয়ালি থানার উপপরিদর্শক কেফায়েতউল্লাহ জানান, চারজনকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।সিলেট নগরের মিরবক্সটুলা আজাদী ১১০ নম্বর বাসার বাসিন্দা জেলা আইনজীবী সমিতির দুবারের সভাপতি শামসুল ইসলাম চৌধুরী গত ১৭ জুলাই নিখোঁজ হন। পরিবারের পক্ষ থেকে সিলেট কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি ও একটি মামলা করা হয়। এর সূত্র ধরে র্যাব অনুসন্ধান চালিয়ে ঘটনা উন্মোচন করে। ছোট ছেলে মাসউদ তিন সঙ্গী নিয়ে সম্পত্তির লোভে আইনজীবীকে খুন করে সুরমা নদীতে ভাসিয়ে দেন। এ ঘটনার পর মাসউদ ভারতে পালিয়ে গেছেন বলে র্যাব জানায়।