ছেলের বাসায় বেড়াতে এসে লাশ হলেন বাবা
ছেলের বাড়িতে বেড়াতে এসে কাভার্ড ভ্যানের চাপায় লাশ হয়ে বাড়ি ফিরলেন এক বাবা। ঘটনাটি ঘটেছে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজারে গত শনিবার রাত ১০টায়। নিহত ব্যক্তি হলেন টাঙ্গাইলের নাগরপুর উপজেলার আলাল উদ্দিন (৬০)।আলালের ছেলে আবদুল আজিজ মিয়া ও কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, আবদুল আজিজ মিয়া কালিয়াকৈরের সফিপুর এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকেন। শনিবার সকালে বাসায় বেড়াতে আসেন তাঁর বাবা আলাল। সন্ধ্যার পর স্থানীয় বাজারের উদ্দেশে বের হন তাঁর বাবা। রাত ১০টার দিকে বাসায় ফেরার পথে সফিপুরের যমুনা গেটসংলগ্ন ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হওয়ার সময় কালিয়াকৈরগামী একটি কাভার্ড ভ্যান আলালকে চাপা দেয়। আশপাশের লোকজন গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে। সফিপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে আলালের মৃত্যু হয়।এদিকে দুর্ঘটনার পরপরই লোকজনের ধাওয়া খেয়ে চালক কাভার্ড ভ্যান রেখে পালিয়ে যান। কোনাবাড়ী হাইওয়ে থানার ওসি মো. আলমগীর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।