ছেলের বিরুদ্ধে মামলার খবরে বাবার আত্মহত্যা!
ছেলে কবির আলমের বিরুদ্ধে ঢাকায় অর্থ আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে, এমন খবরে বাবা রমজান আলী (৬০) দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন। অবশেষে গতকাল রোববার সকালে লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট গ্রাম থেকে রমজানের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
রমজান কুলাঘাট বাজারে মসলার ব্যবসা করতেন। ধারণা করা হচ্ছে, আত্মসম্মানের ভয়ে রমজান আত্মহত্যা করেছেন।
রমজানের স্ত্রী করিমন বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ছেলে কবির ঢাকায় সানোয়ারা গ্রুপে ও দেড় বছর বয়সী নাতি কাইয়ুমকে নিয়ে পুত্রবধূ আদুরি বেগম কুড়িগ্রামের চর রাজিবপুরে সূর্যের হাসি ক্লিনিকে চাকরি করেন। চাকরির সুবাদে পুত্র ও পুত্রবধূ কেউ বাড়িতে থাকেন না। তিনি আরও বলেন, ‘স্বামীর কাছে শুনেছি, কবির নাকি কোম্পানির টাকা নিয়ে পালিয়েছে। ছেলের নামে নাকি ঢাকায় মামলা হয়েছে। একমাত্র ছেলের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে কোম্পানির মামলা করার কথা শুনে এবং গত দুই মাস থেকে ছেলের কোনো খোঁজখবর না পেয়ে রমজান মানসিক অশান্তিতে ছিলেন। গতকাল রোববার কোম্পানির লোকজন নাকি পুলিশ নিয়ে গ্রামের বাড়িতে আসবে, ছেলেকে না পেলে বাবাকে ধরে নিয়ে যাবে। উনি (রমজান) পুলিশকে খুব ভয় করতেন, মানসম্মানের ভয়ও ছিল। গতকাল ভোরে বিছানায় তাঁকে না পেয়ে বাইরে খোঁজাখুঁজি শুরু করি। পরে দেখতে পাই বাড়ির পশ্চিম ঘরের সঙ্গে কামরাঙ্গা গাছের একটি ডালে তিনি ঝুলে আছেন। আমার চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন। সংবাদ পেয়ে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইদ্রিস আলী ও থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন আসলে তাঁদের সবকিছু বলি।’
ইউপি চেয়ারম্যান ইদ্রিস বলেন, ‘মানসিকভাবে দুর্বল প্রকৃতির হওয়ায় হতাশাগ্রস্ত হয়ে রমজান আত্মহত্যা করে থাকতে পারেন বলে আমরা মনে করছি।’
সদর থানার এসআই আলমগীর বলেন, ‘একমাত্র ছেলে কবিরের বিরুদ্ধে ঢাকায় অর্থ আত্মসাতের মামলা হয়েছে। এ ছাড়া ছেলে এখন কোথায় আছেন তা–ও জানা নেই। এমন হতাশা থেকেই বৃদ্ধ রমজান মানসম্মানের ভয়ে আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করছি।’
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে গতকাল বেলা ১১টার দিকে রমজানের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।