ছেলের বিরুদ্ধে সম্পদ হাতিয়ে নেওয়ার অভিযোগ মা-বাবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছেলের বিরুদ্ধে সই জাল করে সম্পদ হাতিয়ে নেওয়ার অভিযোগ করেছেন মা-বাবা। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছনখোলা গ্রামের চূড়ামনি এলাকার কাজী আলতাফ হোসেন ও তাঁর স্ত্রী জাহেরা বেগম গতকাল বুধবার চট্টগ্রাম নগর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ছেলে নজরুল ইসলাম ওরফে মানিকের বিরুদ্ধে এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে কাজী আলতাফ হোসেন বলেন, চার ছেলেকে বিদেশে পাঠিয়ে তিনি দেশে ব্যবসা ও সম্পদ গড়ে তোলেন। নিজের অসুস্থতার জন্য বড় ছেলে নজরুল ইসলামকে দেশে এনে ব্যবসা-বাণিজ্য দেখাশোনার দায়িত্ব দেন। তাঁর অভিযোগ, ‘নজরুল প্রবাসে থাকা বাকি তিনজনের পাঠানো টাকা ও সম্পদ এবং ব্যবসা-বাণিজ্য আমার সই জাল করে তাঁর নামে লিখিয়ে নেয়।’

আলতাফ হোসেন জানান, এই ঘটনায় গত ২১ মার্চ চট্টগ্রাম মহানগর মুখ্য হাকিমের আদালতে ছেলে নজরুল ও তাঁর দুই সহযোগী আবদুল করিম ও কার্তিক দত্তের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে তিনি মামলা করেন।

জাহেরা বেগম বলেন, অন্য ভাইদের ঠকিয়ে সম্পদ হরণের অভিযোগে মামলা করলে নজরুল হত্যার হুমকি দিতে থাকে। এ ঘটনায় তাঁরা পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির কাছে অভিযোগ করেছেন।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, ২২ মে সাতকানিয়ার গ্রামের বাড়িতে আলতাফ হোসেন ও তাঁর ছেলেদের ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়। এ সময় সন্ত্রাসীরা তাঁদের মারধর ও বাড়িঘর ভাঙচুর করে। পালানোর সময় এলাকাবাসী পাঁচজনকে অস্ত্রসহ আটক করে পুলিশে সোপর্দ করে।