ছেলের বিয়েতে দেশে আসার কথা ছিল আলাউদ্দিনের

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুইন্সে গুলিতে নিহত আলাউদ্দিন আখনজির বাড়ি হবিগঞ্জে। বড় ছেলের বিয়ে উপলক্ষে শিগগিরই তাঁর ও পরিবারের বাকি সদস্যদের দেশে আসার কথা ছিল।
আজ রোববার বড় ছেলে ফয়েজউদ্দিন আখনজি জানান, সাত থেকে আট বছর আগে বড় মেয়ে জান্নাতুন নাইয়ানের (২৫) সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের এক নাগরিকের বিয়ে হয়। সেই সূত্রে ২০১১ সালে যুক্তরাষ্ট্রে যান আলাউদ্দিন। এর দুই বছর পর ২০১৩ সালে স্ত্রী ও সাত সন্তানের মধ্যে পাঁচ সন্তানকে নিয়ে পারিবারিক ভিসায় যুক্তরাষ্ট্রে যান।
গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে ভগ্নিপতির কাছ থেকে ফোনে বাবার মৃত্যুসংবাদ পেয়েছেন বলে জানান ফয়েজউদ্দিন। তিনি আরও বলেন, বাবা আলাউদ্দিন যুক্তরাষ্ট্রের ফোরকান মসজিদের ইমাম ছিলেন।
হবিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিনুল হকের ভাষ্য, আলাউদ্দিনের গ্রামের বাড়ি চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের আমুরোড গোছাবাড়িতে। ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত হবিগঞ্জ শহরের চৌধুরীবাজার জামে মসজিদের ইমাম ছিলেন তিনি।
আলাউদ্দিন আখনজির বাসায় গিয়ে আত্মীয়স্বজনদের ভিড় চোখে পড়ে। হবিগঞ্জ শহরের বিভিন্ন মসজিদের ইমাম ও ইসলামি শিক্ষাবিদেরা যান।